বছর জুড়ে হাজার কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ করেছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২১ সালে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৭৩ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র-গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৮৬ ভারতীয় নাগরিকসহ পাঁচ হাজার ৯২৯ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্তসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় তাঁরা। এ সময় ৪৪টি পিস্তল, ১টি এসএমজি, ৪টি রিভলবার, বিভিন্ন ধরনের ৬৭টি বন্দুক, ২৫০ রাউন্ড গোলাবারুদ, ৩৫টি ম্যাগজিন, ৩২টি মর্টার শেল, ৪৯টি আর্টিলারি, ৫টি বিভিন্ন আকৃতির রকেট শেল ও বোমা , ১১টি ককটেল এবং ৯১৯ কেজি বিস্ফোরক ও গান পাউডার জব্দ করা হয়।

এ ছাড়া গত বছর অভিযান চালিয়ে ২ কোটি ২৪ লাখ ৪০ হাজার ৯টি ইয়াবা বড়ি, তিন লাখ ৩১ হাজার ৭৮৫ বোতল ফেনসিডিল, ২ লাখ ১৩ হাজার ৯৮৯ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৬৮ লিটার বাংলা মদ, ১ লাখ ৩১ হাজার ৮৯৯ ক্যান বিয়ার, ১৯ হাজার ৪৯২ কেজি গাঁজা, ১৩৯ কেজি হেরোইন, ২ লাখ ২৪ হাজার ৬৫৭ টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন, নেশাজাতীয় ২ লাখ ৩৭ হাজার ৫০৬ টি এ্যানেগ্রা ট্যাবলেট, ৬৮ হাজার ৪৭ টি ইস্কাফ সিরাপ, ৭ হাজার ১৬৯টি এমকেডিল এবং ৬০ লাখ ৯২ হাজার ১৮৪ বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫০ কেজি ৪৩৩ গ্রাম সোনা, ৩২১ কেজি রুপা, ৫৫ হাজার ৯৪৭টি শাড়ি ইত্যাদি। বিজিবি গত বছরে ৮৫ টি ট্রাক-কাভার্ড ভ্যান, ৬০টি প্রাইভেটকার-মাইক্রোবাস, ৮০টি পিকআপ, ৩৬৮টি সিএনজি চালিত অটোরিকশা-ইজিবাইক এবং ১ হাজার ১০৩টি মোটরসাইকেল জব্দ করে।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত অভিযোগে ৩ হাজার ৫৯৯ জন বাংলাদেশি নাগরিক, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ২৪৪ জন বাংলাদেশি নাগরিক ও ৮৬ জন ভারতীয় নাগরিককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।