বছর ধরে নিখোঁজ দুই ভাইয়ের খোঁজ চাইল পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক এক বছর ধরে নিখোঁজ ঢাকার কেরানীগঞ্জের দুই যুবক রাফিউল ইসলাম (২২) ও রনি চৌধুরী (২১)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। গতকাল রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ রাফিউলের পরিবার তাঁদের খোঁজ দেওয়ার আকুল আবেদন জানাল সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাফিউলের মা লিপি আক্তার বলেন, গত বছরের ২৬ এপ্রিল সূত্রাপুর থানা এলাকা থেকে কয়েক ব্যক্তি এ দুজনসহ চারজনকে তুলে নিয়ে যান। দুজন ফিরে এলেও রাফিউল ও রনি এখনো নিখোঁজ। যোগাযোগ করা হলে রনির বাবা মোজাম্মেল হোসেন অবশ্য বলেন, তাঁর ছেলে ২৮ এপ্রিল নিখোঁজ হন।
কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকার পূর্বপাড়ার বাসিন্দা লিপি আক্তার বলেন, তাঁর বড় ছেলে রাফিউল এলাকায় জেনারেটরের ব্যবসা করতেন। গত বছরের ২৬ এপ্রিল শুক্রবার তিনি, ভাই রনি এবং দুই বন্ধু নিজাম উদ্দিন ও মো. নাইম মিলে লালবাগ কেল্লায় বেড়াতে যান। সেখান থেকে কয়েকজন তাঁদের ধরে নিয়ে যায়। এক মাসের মধ্যে পৃথক সময়ে নিজাম ও নাইমকে চোখ বাঁধা অবস্থায় নরসিংদী এলাকায় ফেলে যায় অপহরণকারীরা। তাঁদের উভয়কে ৩০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত রাফিউল ও রনির খোঁজ নেই।
সংবাদ সম্মেলনে বিলি করা লিখিত বক্তব্যে বলা হয়, র‌্যাব পরিচয়ে কয়েকজন সাদা পোশাকধারী ওই চারজনকে তুলে নিয়ে যান। তবে গত জানুয়ারি মাসে রাফিউলের মা লিপি আক্তার সূত্রাপুর থানায় একটি অপহরণ মামলা করেছিলেন, যাতে ‘ফিরে আসা’ দুজন অর্থাৎ নিজাম ও নাইমকে আসামি করা হয়। মামলার বিবরণে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে রাফিউলের কাছে টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকার করায় তাঁরা পরিকল্পিতভাবে রাফিউলকে ডেকে হত্যার উদ্দেশ্যে গুম করে রেখেছেন।
র‌্যাব পরিচয়ে কয়েকজন লোক নিয়ে গেছেন—এ তথ্য আপনারা কীভাবে পেলেন প্রশ্ন করা হলে লিপি আক্তার বলেন, ফিরে আসা ওই দুজনই এ কথা বলেছেন। তাহলে তাঁদের আসামি করলেন কেন—এ প্রশ্নের জবাবে লিপি বলেন, ‘তারা একবার বলে র‌্যাব নিয়ে গেছে, আবার বলছে টাকা দিলে তাদের ফিরিয়ে আনা যাবে। অনেক দিন ধরে এসব বলে আমাদের ঘোরাচ্ছে।’
রাফিউলের মা বলেন, মামলার আগে তিনি সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদনও করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরাফাতুল ইসলাম শুধু বলেন, মামলাটি তদন্তাধীন।
আসামি দুজনের ফোন নম্বর পাওয়া না যাওয়ায় তাঁদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলে নিখোঁজ রনির বাবা মোজাম্মেল হোসেন বলেন, তাঁর পরিবার কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকার চুনকুটিয়ায় থাকে। রনি কালীগঞ্জে একটি প্যান্টের দোকানে কাজ করতেন। গত বছরের ২৮ এপ্রিল রাত আটটার দিকে ফোন পেয়ে তিনি বের হন। এরপর আর ফেরেননি।
মোজাম্মেল আরও বলেন, রনি নিখোঁজ হওয়ার পর তাঁরা জানতে পারেন, দুই দিন আগে রাফিউলসহ তিনজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি। পত্রিকায় ছবিসহ নিখোঁজ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘র‌্যাব এ নামের কাউকে ধরেনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খতিয়ে দেখব।’