বছর না ঘুরতেই ওয়াসার কেনা পাম্প বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসা পুরোনো পাম্প পরিবর্তন করার জন্য গত বছরের মে মাসে তিনটি পাম্প কিনেছে। প্রতিটি পাম্পের গড় দাম পড়েছে ২৩ লাখ টাকার ওপরে। কিন্তু বছর না ঘুরতে এরই মধ্যে একটি পাম্প বিকল হয়েছে। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বেশি দামে এসব পাম্প কেনা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।ওয়াসা সূত্র জানায়, ছয়টি মোটর কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলো দুই লট বা ধাপে ভাগ করা হয়। অথচ গণখাতে ক্রয়বিধি অনুযায়ী এ ধরনের বিভক্তির ব্যাপারে সুস্পষ্ট বিধিনিষেধ রয়েছে।অভিযোগ রয়েছে, রয়েল অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠানকে পাম্প সরবরাহের আদেশ পাইয়ে দিতে দুই ভাগে ভাগ করে অপেক্ষাকৃত ছোট আকারে কাজগুলো দেখানো হয়। এতে দেখা যায়, প্রথম পর্বে তিনটি পাম্প কেনার জন্য ৭৩ লাখ টাকা এবং দ্বিতীয় পর্বে আরও তিনটি পাম্পের জন্য ৬৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়। গণখাতে ক্রয় অনুযায়ী, একই ধরনের যন্ত্রপাতি কিনতে হলে এক লটে দরপত্র দিতে হয়। এ ক্ষেত্রে সেই বিধি ভঙ্গ করা হয়েছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার মড-১-এর নির্বাহী প্রকৌশলী মাকসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘তাৎক্ষণিক প্রয়োজন হওয়ায় তাড়াহুড়ো করে প্রথম পর্বের এবং পরে দ্বিতীয় পর্বের দরপত্র দেওয়া হয়।’ওয়াসার নিয়ম অনুযায়ী, পুরোনো ও সচল যন্ত্রপাতি পরিবর্তনের সময় সেগুলোর সর্বশেষ কী অবস্থা, তার একটি বর্ণনা তৈরি করতে হয়। কিন্তু চট্টগ্রাম ওয়াসা এ ধরনের কোনো প্রাক-স্টাডি না করেই এসব মোটর পরিবর্তনের উদ্যোগ নেয় বলে জানা গেছে।ডিটি রোড বুস্টার পাম্প ক্রয়: ডিটি রোডের তিনটি বুস্টার পাম্প (পানি ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়) কেনার জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৭৩ লাখ টাকা। এর মধ্যে পেডরোলো এন কে লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৪৩ শতাংশ কমে দরপত্র জমা দেয়। এতে অর্থের পরিমাণ দাঁড়ায় ৪১ লাখ ২৪ হাজার টাকা। কিন্তু তাকে অযোগ্য দেখিয়ে রয়েল অ্যাসোসিয়েটস নামের আরেকটি কোম্পানিকে মাত্র ১ দশমিক ২ শতাংশ নিম্ন দরে ৭২ লাখ ২৫ হাজার টাকায় এগুলো সরবরাহ আদেশ দেওয়া হয়। গত বছরের ৫ মে পাম্পগুলো সরবরাহ করা হয়।এ সম্পর্কে ওয়াসার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘পেডরোলো কম দামে দরপত্র জমা দিলেও তাদের যোগফল ভুল হয়। ফলে কাজটি রয়েল অ্যাসোসিয়েটসকে দেওয়া হয়।’পেডরোলো এন কে লিমিটেডের ব্যবসা উন্নয়ন নির্বাহী রাকিব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যোগফল ভুল হয়েছিল। কিন্তু তা সংশোধন করার পরও রয়েল অ্যাসোসিয়েটসের চেয়ে আমাদের দর আট লাখ টাকা কম ছিল।’কালুরঘাট বুস্টার পাম্প ক্রয়: কালুরঘাট বুস্টার স্টেশনের তিনটি পাম্প কেনার জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৬৮ লাখ ৫০ হাজার টাকা। এর চেয়ে ১ শতাংশ বেশি, অর্থাৎ ৬৯ লাখ টাকায় এ পাম্প তিনটিও রয়েল অ্যাসোসিয়েটসকে সরবরাহের আদেশ দেওয়া হয়। ওয়াসা সূত্রে জানা যায়, এ কাজের জন্য রয়েল অ্যাসোসিয়েটসের সহযোগী টেকনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ১৮ দশমিক ৯৭ শতাংশ ঊর্ধ্বে দরপত্র জমা দেয়।এ ব্যাপারে পেডরোলোর কর্মকর্তা রাকিব আহমেদ বলেন, ‘আমরা এ তিনটি পাম্প সরবরাহের জন্যও দরপত্রের ফরম কিনতে গিয়েছিলাম। কিন্তু তৎকালীন প্রধান প্রকৌশলী মো. সফিউল্যাহ আমাদের ফরম না কিনতে মৌখিকভাবে বারণ করে দেন।’এ বিষয়ে কথা বলতে চাইলে চট্টগ্রাম ওয়াসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সৈয়দ তৌহিদুর রহমান কোনো তথ্য দিতে অস্বীকার জানান। বাধ্য হয়ে তথ্য অধিকার আইনে গত ৩ আগস্ট ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করা হয়। ২৪ আগস্ট লিখিতভাবে কিছু তথ্য দেওয়া হয়। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, সেখানে ব্যাপক তথ্য গোপন করার চেষ্টা করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ৭৩ লাখ টাকায় কেনা এ পাম্পের একটি গত ১২ সেপ্টেম্বর নষ্ট হয়ে গেছে। এরপর সেটি চকবাজার এলাকায় অবস্থিত একটি ওয়ার্কশপে মেরামত করা হয়।এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘একটি পাম্পের প্যানেল বোর্ড নষ্ট হয়ে গিয়েছিল। সরবরাহ প্রতিষ্ঠানই তা ঠিক করে দিয়েছে।’ জানা গেছে, পাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই প্যানেল বোর্ড। ওয়াসা সূত্রে জানা যায়, আগের পাম্পগুলো জার্মানির তৈরি হলেও নতুন সরবরাহ করা সব পাম্পই চীনের তৈরি।এ বিষয়ে ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুল করিম চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি।