২২ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজের পর বছর না ঘুরতেই যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক। এরপর দেড় বছরের বেশি সময় আর কোনো সংস্কার নেই। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে চট্টগ্রামে যাতায়াতের সহজ এই সড়ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যানবাহন।
শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুরের মস্তফাপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত ৬৫ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কটি ২০০০ সালে নির্মাণ করা হয়। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৪০ কিলোমিটার। এই সড়ক দিয়ে দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের ২১টি জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস ব্যবহার করে সহজেই চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। অন্যথায় তাদের ঢাকা হয়ে ঘুরে যেতে হয়, যা সময় ও ব্যয়সাপেক্ষ।
সওজ সূত্র জানায়, ২০১৪ সালের ডিসেম্বরে ২২ কোটি টাকা ব্যয় করে সড়কের সংস্কারকাজ শেষ হয়। তবে গত বছরের ডিসেম্বর মাসের আগেই সড়কটির অবস্থা আবার খারাপ হতে শুরু করে। তবে আঙ্গারিয়া বাজার থেকে খোয়াজপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশ ভালো আছে। সেখান থেকে ভেদরগঞ্জের নারায়ণপুর পর্যন্ত ১৩ কিলোমিটারের সংস্কারকাজ সম্প্রতি শুরু হয়েছে। নারায়ণপুর থেকে আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত ২২ কিলোমিটার যানবাহন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে আছে। সড়কজুড়ে খানাখন্দে ভরা। বিভিন্ন স্থানে পিচ ঢালাইয়ের পাশাপাশি বিটুমিন ও ইটও উঠে গেছে। বৃষ্টি হলে প্রায়ই সড়কের ওপরে গাড়ি আটকা পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে যাত্রী ও পণ্যবাহী যানগুলো এ সড়কটি এড়িয়ে চলে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের ব্যবস্থাপক আবদুস সাত্তার বলেন, এ আঞ্চলিক মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল কমে গেছে। আগে প্রতিদিন এই নৌপথ দিয়ে দুই শতাধিক গাড়ি পারাপার হতো। এখন তা অর্ধেকে নেমে এসেছে।
খুলনা থেকে চট্টগ্রামগামী একটি পরিবহনের চালক মোতালেব মোড়ল বলেন, ‘সড়কটি এত খারাপ হয়ে পড়েছে যে একদিন গাড়ি চালালে দুই দিন বিশ্রামে থাকতে হয়। এখন আগের মতো যাত্রীও হয় না। তাই আমাদের ট্রিপও কমে গেছে।’
গোপালগঞ্জের কাঁচামাল ব্যবসায়ী লিংকন মিয়া বলেন, ‘গাড়িবোঝাই পণ্য নিয়ে এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ঢাকা ঘুরে যেতে হচ্ছে। এ কারণে আমাদের পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে।’
এই সড়ক দিয়ে গত সোমবার (১১ জুলাই) একটি ট্রাক পল্লী বিদ্যুৎ সমিতির পোল বোঝাই করে যাচ্ছিল। গাজিপুর সেতুর কাছে এসে গর্তে ট্রাকটির চাকা আটকে যায়। ৩০ মিনিটের চেষ্টায় চাকাটি ওঠানো সম্ভব হয়। এরই মধ্যে দুদিকে গাড়ির জট লেগে যায়। ট্রাকটির চালক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের প্রায়ই এমন ঘটনার মুখোমুখি হতে হয়। বেহাল অবস্থার কারণে এমন একটি সহজ যাতায়াতের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’
সওজের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আঞ্চলিক এই মহাসড়কটি নিয়ে আমরাও বিব্রতকর অবস্থার মধ্যে আছি। পুরো সড়কটির সংস্কার প্রয়োজন। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় কিছুই করতে পারছি না।’ তিনি বলেন, ৩ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে আঙ্গারিয়া বাজার থেকে ভেদরগঞ্জের নারায়ণপুর পর্যন্ত ১৩ কিলোমিটারের সংস্কারকাজ চলছে। বরাদ্দ পেলে বাকি অংশের কাজও করা হবে।