বছর পেরিয়ে গেল আসল ফল পেতে
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফ উদ্দিন প্রামাণিককে নির্বাচিত করে রায় দিয়েছেন আদালত। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে ইদ্রিস আলী এক ভোটের ব্যবধানে বিজয়ী হন। নির্বাচনী এই ফলাফল মেনে না নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী শরিফ বাদী হয়ে যুগ্ম জেলা জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল বগুড়ায় মামলা করেন।
আদালতের রায় সূত্রে জানা যায়, ওই পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে ইদ্রিস আলী (হরিণ মার্কা) ৫০৩ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পান ৫০২ ভোট। নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের পর ২০১৫ সালের ২১ জানুয়ারি শরিফ উদ্দিন নির্বাচনী ফলাফল পুনঃ গণনার জন্য আদালতে মামলা করেন।
আদালত যাচাই-বাছাই করে পুনঃ গণনা শেষে গত ২১ জানুয়ারি শরিফ উদ্দিনকে (আপেল মার্কা) কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে রায় ঘোষণা করেন যুগ্ম জেলা জজ আদালত এবং নির্বাচনী ট্রাইব্যুনাল বগুড়ার বিজ্ঞ বিচারক মুমিনুন নেছা।
আদালতের রায় ঘোষণার বিষয়ে ইদ্রিস আলী মুঠোফোনে বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, ‘রায়ের কপি পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’