বছরে অন্তত ৬০ হাজার বই প্রকাশ হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাংস্কৃতিক উজ্জীবনের জন্য প্রতিবছর অন্তত ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বই প্রকাশ হওয়া উচিত বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল শুক্রবার ‘চীনের চান্দ্র নববর্ষ ও বাংলাদেশের বসন্ত উৎসব উদ্যাপন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমি এই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান বলেন, ‘চীনের নববর্ষ ও বাংলাদেশের বসন্তের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে—দুটোই শীতের অবসানে আসে। অর্থাৎ সূর্যের দিকে নতুন করে যাত্রা করে, আশার সঞ্চার করে। বসন্তকালে আমরা নতুন করে আবার সূর্যের দিকে যাত্রা শুরু করলাম, আশা করি শীতের যে সমস্যা, তা দূর হয়ে যাবে এবং আবার স্বতঃস্ফূর্ততা ফিরে আসবে।’
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে আকবর আলি খান বলেন, এই সম্পর্ককে সুদৃঢ় গতিতে ও হাতে হাত ধরে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশে প্রয়োজন সাংস্কৃতিক উজ্জীবন। তিনি বলেন, ‘যে দেশে ভাষা আন্দোলনের মতো গণ-আন্দোলন পুরো সংস্কৃতিকে উজ্জীবিত করেছে, সে দেশে বছরে কয়টি বই প্রকাশিত হয়? বইমেলার সাড়ে তিন হাজার মিলে সর্বোচ্চ ছয় হাজার। কিন্তু ইউনেসকোর তথ্যমতে, চীনে প্রতিবছর সাড়ে চার লাখ বই বের হয়।’
সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত ইয়াং শি চ্যাও বলেন, বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ক হাজার হাজার বছরের পুরোনো। এই প্রক্রিয়া এখনো চলছে। বাংলাদেশে চীনা ভাষা শেখার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে, চীন সরকার প্রতিবছর সে দেশে যাওয়ার জন্য বাংলাদেশের ১০০ জনের বেশি মানুষকে বৃত্তি দেয়। তিনি এ সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির সভাপতি সাবেক সেনাপ্রধান লে জে (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, সংগীতশিল্পী শাহীন সামাদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় সাতজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলাদেশ-চীন মৈত্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়। আলোচনার পর হয় সাংস্কৃতিক পরিবেশনা।