বছরে এক লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলনকে কেন্দ্র করে প্রতিবছর বাংলাদেশে অন্তত এক লাখ পর্যটক আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধনী দিনে রাশেদ খান মেনন এ কথা বলেন। একই সঙ্গে পর্যটকদের আকৃষ্ট করতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বৌদ্ধ স্থাপনাগুলোর অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশে বৌদ্ধ ধর্মের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পর্যটনের সংযোগ স্থাপনের লক্ষ্য সামনে রেখে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএনডব্লিউটিওর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘লুম্বিনিতে যেখানে লর্ড বুদ্ধের জন্ম, সেখানে প্রতিবছর ১৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। আমাদের দেশে এ সংখ্যা মাত্র তিন হাজার। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে, আমরা এটাকে উৎসাহিত করে লাখ খানেকের মতো পর্যটক নিয়ে আসতে চাই।’

এ জন্য সম্মেলন শেষেই বৌদ্ধ পুরাকীর্তি, স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনগুলোর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগুলোকে ‘পর্যটন পণ্য’ (ট্যুরিস্ট প্রোডাক্ট) হিসেবে সামনে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নের জন্য এডিবি এবং ইউএনডব্লিউটিওর সহযোগিতা চাওয়া হবে। ইতিমধ্যেই এডিবি কিছু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিচ্ছে, আমরা ইউএন-এর কাছে শুধু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টই নয়, কিছু কিছু টেকনিক্যাল সাপোর্টও চাইছি।’ 

আয়োজকেরা বলছেন, এ সম্মেলনের মধ্য দিয়ে এই অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিরা পর্যটনশিল্পের প্রসারে একটি ‘রোডম্যাপ’ তৈরি করবেন। এত দিন পর্যন্ত বাংলাদেশ বুড্ডিস্টসার্কিটের বাইরে ছিল। এখন নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও ভারতের সঙ্গে বাংলাদেশের নামও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তাঁরা আশা করছেন, বুদ্ধের স্থাপত্যকে ঘিরে যে পর্যটকেরা এই অঞ্চলে আসেন, তাঁদের নতুন গন্তব্য হবে বাংলাদেশ।

ট্যুরিজম বোর্ডের তথ্য অনুসারে, পাহাড়পুর, ময়নামতিসহ দেশে অন্তত ৫০০ বৌদ্ধ স্থাপনা আছে। এর মধ্যে মহাস্থানগড়ের বসু বিহার, সোমপুর বিহার, শালবন বিহার,  পণ্ডিত বিহার, ঢাকার বিক্রমশিলা বিহার উল্লেখযোগ্য।