গবেষণা মাঠ ও কৃষকের জমিতে বিরাজমান ফলনের পার্থক্য প্রতি হেক্টরে ১ দশমিক ৭৪ টন। ফলনের এই পার্থক্য ৬০ শতাংশ কমিয়ে আনতে পারলে বছরে অন্তত এক লাখ ২৬ হাজার কোটি টাকার বাড়তি ধান উৎপাদন করা সম্ভব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুরে ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত ‘ধান ফসলের ফলন পার্থক্য কমানো’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক কর্মশালার সমীক্ষায় এ ফলাফল তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন) সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) খায়রুল বাশার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবীর।দেশের ২৯টি জেলায় এ সমীক্ষা চালানো হয়। ২০০৬, ২০০৯ ও ২০১০ সালে পর্যায়ক্রমে তিন দফা মাঠ পর্যায়ে এই গবেষণাটি পরিচালনা করা হয়। ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হুমায়ুন কবীরের তত্ত্বাবধানে এই গবেষণা মূলত ব্রি উদ্ভাবিত ধানের জাতের ওপর পরিচালিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে তিন মৌসুমে আবাদযোগ্য ধানি জমির পরিমাণ ১১৭ লাখ হেক্টর। ব্রির উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতসহ ব্যবস্থাপনা পদ্ধতিগুলো কৃষকের মাঠে ব্যবহার করে এই পার্থক্য যদি ৬০ শতাংশও কমিয়ে আনা যায়, তাহলে হেক্টরপ্রতি ১৮ হাজার টাকা বাড়তি আয় করা সম্ভব বলে গবেষণাটির পরিচালক হুমায়ুন কবীর মনে করেন। হুমায়ুন কবীরের মতে, ফলন পার্থক্য কমিয়ে আনতে ব্যাপকভিত্তিক প্রচারণা ও মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রয়োজন। চলতি বছর থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ফলন পার্থক্য কমিয়ে আনার ব্যাপারে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় দেশের প্রত্যেক উপজেলায় ২০ একর জমিতে পরীক্ষামূলকভাবে ফলন পার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হবে।