কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) বাগান থেকে বছরে প্রায় কোটি টাকার রাবার পাচার হচ্ছে। বাগানে কর্মরত শ্রমিকদের (কষ সংগ্রহকারী) একটি চক্র পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।সম্প্রতি পাচারকালে আট বস্তা কাঁচা রাবার চেরাংঘাটা এলাকা থেকে উদ্ধার করে বাগান কর্তৃপক্ষ। ২৪ নভেম্বর রশিদ আহম্মদ নামের এক পাচারকারীকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে রাবার পাচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।বাগানের সহ-মহাব্যবস্থাপক আ ত ম মোয়াজ্জেম হোসাইন রাবার পাচারের কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শ্রমিকদের একটি অংশ এ কাজে জড়িত। রাবার পাচারের ঘটনায় মাস দেড়েক আগে তিনি একটি মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা রামু থানার উপপরিদর্শক (এসআই) প্রভাত চন্দ্র সাহা বলেন, রাবার পাচারের অভিযোগে ২৫ নভেম্বর রশিদ আহম্মদ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রশিদ রাবার পাচারের কথা স্বীকার করে জানান, শ্রমিকদের একটি বড় অংশ পাচারের সঙ্গে জড়িত। এ চক্রের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০০ মণ কাঁচা রাবার বাইরে পাচার হয়। গত এক বছরে প্রায় এক হাজার মণ কাঁচা রাবার পাচার করা হয়েছে। যার দাম প্রায় এক কোটি টাকা। তিনি আরও জানান, বাগানের পাশের উখিয়ার ঘোনা গনিয়াকাটা গ্রামের হানিফ (৩০) পাচারের মূল হোতা। এ ছাড়া তাঁর ভাই হাসান (২৫), একই এলাকার হেলাল উদ্দিন (৩৫), হারুন অর রশিদসহ (২৮) আর্ধশতাধিক শ্রমিক রাবার পাচারে জড়িত।বাগান সূত্রে জানা গেছে, ১৯৫৯-৬০ অর্থবছরে বিএফআইডিসি উপজেলার জোয়ারিয়ানালা এবং কাউয়ারখোপ ইউনিয়নের দুই হাজার ৬৮২ একর পাহাড়-টিলার ওপর রাবার বাগান ও স্থাপনা করে। বর্তমানে দুই হাজার ১৩১ একর জায়গাজুড়ে প্রায় এক লাখ ৯৮ হাজার গাছের মধ্যে উৎপাদনশীল রয়েছে ৬৮ হাজার।বাগানের প্রশাসনিক কর্মকর্তা মো. আবছার জানান, বাগানের দুটি ব্লকের প্রতিটিতে ৩৪ হাজার গাছ থেকে প্রতি দিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কেজি রাবারের কষ সংগ্রহ করা হয়। শীত মৌসুুমে উৎপাদন বেড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কেজিতে পৌঁছায়। প্রতি কেজি শুকনা রাবারের দাম প্রায় ২৫০ টাকা। তিনি বলেন, কষ সংগ্রহকারী শ্রমিকদের একটি চক্র কয়েক মাস ধরে রাবার পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ চক্রটি দিনের বেলায় সংগ্রহ করা কষের একটি অংশ কারখানায় না এনে লুকিয়ে রাখে। কয়েক দিন পর কষগুলো জমাট বেঁধে শক্ত হলে রাতে পাচার করা হয়। চট্টগ্রামের একটি ব্যবসায়ী চক্রের কাছে রাবার নামমাত্র দামে বিক্রি করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।রাবার বাগান কার্যালয় সূত্র জানায়, একসময় কষ সংগ্রহের জন্য স্থায়ী কর্মচারী থাকলেও ব্যয় কমাতে করপোরেশন ২০০৪-০৫ অর্থবছর থেকে কাজটি বেসরকারি খাতে (ঠিকাদারের মাধ্যমে) ছেড়ে দেয়। চট্টগ্রামের এ জেড ট্রেডার্স দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে এ কাজ চালাচ্ছে। এ জেড ট্রেডার্সের মালিক মো. সরওয়ারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তাঁর স্থানীয় প্রতিনিধি রূপন দে জানান, কিছু কিছু শ্রমিক রাবার পাচারের সঙ্গে জড়িত বলে শোনা গেলেও কেউ হাতেনাতে ধরা না পড়ায় কিছু করা যাচ্ছে না। ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএফআইডিসির চেয়ারম্যান ফরহাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, রাবার পাচাররোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিশাল বাগান এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়।