বছরে গড়ে ৪৬ দিনই হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের যেকোনো রাজনৈতিক আন্দোলনের প্রধান হাতিয়ার এখন হরতাল। অতীতে গণতান্ত্রিক যেকোনো আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে হরতাল দেওয়া হতো। আর এখন যেকোনো বিষয়েই হরতালকে বেছে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। চলতি বছরের প্রথম ১০ মাসে এরই মধ্যে ৪০ দিন হরতাল হয়েছে।
বাংলাপিডিয়ার তথ্য, সাংবাদিক অজয় দাসগুপ্তের গবেষণা গ্রন্থ সংবাদচিত্রে হরতাল এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনপিডি) হরতাল নিয়ে করা একটি গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশ বিভাগের পর ১৯৪৭ সালের পর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত দেশে মোট ৪৫৯ দিন জাতীয়ভাবে হরতাল পালিত হয়েছে।
বেসরকারি সংস্থা সিপিডির তথ্য অনুযায়ী, ১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বছরে গড়ে তিন দিন হরতাল হয়েছে। ১৯৭১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বছরে গড়ে সাত দিন এবং ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতিবছর ১৭ দিন গড়ে হরতাল হয়েছে। আর গণতান্ত্রিক সরকার আসার পর ১৯৯১ থেকে ২০১৩ পর্যন্ত প্রতিবছর গড়ে ৪৬ দিন করে হরতাল হয়েছে।
১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশে ৪৭ দিন জাতীয়ভাবে হরতাল পালিত হয়েছে। এর বেশির ভাগ হরতাল হয়েছে ১৯৬৬ সালের ছয় দফা থেকে শুরু করে ১৯৭০ সালের মার্চ পর্যন্ত।
স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত জাতীয় হরতাল হয়েছে মাত্র পাঁচ দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৮২ সালের ২৩ মার্চ পর্যন্ত দেশে ছয়টি হরতাল পালিত হয়েছে।
স্বাধীন বাংলাদেশে হরতালের ব্যাপক প্রচলন শুরু হয় ১৯৮২ সালে এরশাদ ক্ষমতায় আসার পর। ১৯৮২ সালের মার্চ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭২ দিন জাতীয়ভাবে হরতাল পালিত হয়েছে। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। ১৯৯১ সালের ১১ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগে ১৪ সেপ্টেম্বর হরতাল পালন করে আওয়ামী লীগ। সেই থেকে আবার হরতাল কর্মসূচির শুরু।
১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শুরু হয় টানা হরতাল। ১৯৯৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২১ বার হরতাল পালন করা হয়। আর ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে টানা ৩৯ দিন আওয়ামী লীগের নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলে।
১৯৯০ সালের ৭ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত দেশে ৮১ দিন জাতীয়ভাবে হরতাল হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ১৯৯৬ সালের মার্চ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি ৪৫ দিন হরতাল করেছে।
২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিরোধী দলে আওয়ামী লীগ সব মিলিয়ে ১৩০ দিন হরতাল করেছে। আর ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩০ অক্টোবর পর্যন্ত দেশে ৭০ দিন হরতাল পালিত হয়েছে। এর মধ্যে চলতি বছরেই ৪০ দিন ছিল হরতাল।
সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪৫৯ দিন হরতাল হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ বিরোধী দল থাকার সময়ে দুই আমলে মোট হরতাল করেছে ২০১ দিন, আর বিএনপি করেছে ৮৫ দিন
কেবল জাতীভাবে নয়, দেশে স্থানীয়ভাবেও অনেক হরতাল পালিত হয়েছে। জাতীয় ও স্থানীয়ভাবে ধরলে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেশে প্রায় এক হাজার ৭০০ দিন অর্থাৎ প্রায় সাড়ে চার বছরই হরতাল ছিল দেশে।