বছরে গরিবের অন্তত একটি মামলায় বিনা মূল্যে লড়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরে অন্তত একজন গরিব মানুষের মামলা বিনা মূল্যে পরিচালনার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, ‘ফাঁসির মামলার যেসব আসামি কারাগারের কনডেম সেলে বন্দী কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়ার সমর্থ নেই, তাঁদের আইনি সহায়তা দেওয়া জরুরি। আশা করি, সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি ফাঁসির মামলার এমন আসামিদের আইনি সহায়তা দেবে। এসব মামলায় যোগ্য আইনজীবী নিয়োগ দেওয়া জরুরি।’
প্রধান বিচারপতি বলেন, দেশের অনেক মানুষ কেবল গরিবই নন, অনেকে মৌলিক চাহিদাও পূরণ করতে পারেন না। এমন ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে লিগ্যাল এইড কমিটিকে কার্যকর ভূমিকা রাখার কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও অসহায় গরিব মানুষকে আইনি সহায়তার দেওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। তিনি বলেন, ইতিমধ্যে আইনি সহায়তা চেয়ে ৬৪টি দরখাস্ত কমিটির কাছে এসেছে। এর মধ্যে ৪৮টি মামলা গ্রহণ করা হয়েছে। এসব মামলা বিনা মূল্যে পরিচালনার জন্য ৭৩ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ফাঁসির মামলার যেসব আসামি আইনজীবী নিয়োগ দিতে পারছেন না, তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে।
নিজামুল হক জানান, যাঁদের বার্ষিক আয় দেড় লাখ টাকার বেশি, তাঁরা লিগ্যাল এইড অফিসের সহায়তা পাবেন না। আইন অনুযায়ী, দেখেশুনে মামলা নিতে হচ্ছে। তিনি বলেন, ‘মানুষের জন্য ফাউন্ডেশন ২০১০ সাল থেকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস চালুর জন্য ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশনের (এনএলএএসও) সঙ্গে কাজ করছে। তারই ফলশ্রুতিতে এটা শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইউএসএআইডি। আমরা মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউএসএআইডির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএসএআইডির পরিচালক জেনিনা জারুজেলস্কি ও জাতীয় আইনগত সংস্থার পরিচালক মালিক আবদুল্লাহ আল-আমিন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।