কাঁটাবন, গ্রিন রোডের সুপার মার্কেট ও ভ্রাম্যমাণসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৫৩৫টি দোকান রয়েছে। কিন্তু আশপাশের মার্কেটের দোকান ভাড়ার চেয়ে এসব দোকানের ভাড়া প্রায় তিন ভাগ কম। ফলে বছরে প্রায় চার কোটি থেকে বঞ্চিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ জন্য প্রশাসনের উদাসীনতা ও অবহেলাকেই দায়ী করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ভাড়াটিয়াদের সঙ্গে পাঁচ বছর পর পর বসে ভাড়া নির্ধারণ করার কথা। এ কারণে ভাড়ার হার ও পুনর্মূল্যায়নের ধারা চাইলেই নতুন করে নির্ধারণ করা সম্ভব নয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এটি সত্যি, বাজারদর অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের দোকানগুলোর ভাড়া নেওয়া হচ্ছে না। ভাড়া বাড়ানোর বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে প্রশাসনের কোনো উদাসীনতা থাকলে তাও খতিয়ে দেখা হবে।বিশ্ববিদ্যালয়ের এস্টেট বিভাগ থেকে জানা যায়, কাঁটাবন মার্কেটের ৩৫৩টি দোকান থেকে ২০ লাখ ৭৬ হাজার ২১ টাকা, গ্রিন সুপার মার্কেটের ১৫৮টি দোকান থেকে ৮৮ লাখ ৮৬ হাজার ৪৩১ ও অস্থায়ী ২৪টি দোকান থেকে আট লাখ ৭২ হাজার ১৮৪ টাকা আয় হয়। এর মধ্যে কাঁটাবন মার্কেটের নিচ তলার ১৭৮টি দোকানের প্রতিটি থেকে বিশ্ববিদ্যালয় মাসে পাচ্ছে মাত্র ৪০০ টাকা। দোতলার ১৭৫টি দোকান থেকে বছরে আয় হয় ১২ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা। এখানে প্রতি দোকান থেকে নেওয়া হচ্ছে ৫৭৫ টাকা। তবে পাশের গাউছুল আযম মার্কেট, নীলক্ষেতের মার্কেট ও চাঁদনী চক মার্কেটে একই আয়তন বা এর চেয়ে কম আয়তনের একটি দোকানের ভাড়া ১০ হাজার টাকা। এই হিসাবে কাঁটাবন মার্কেট থেকে বছরে অন্তত এক কোটি ৯৩ লাখ ২৪ হাজার ২২৪ টাকা কম পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।গ্রিন সুপার মার্কেটে বিশ্ববিদ্যালয়ের ১৫৮টি দোকান রয়েছে। এগুলোর প্রতি দোকান থেকে মাসে গড়ে আসে চার হাজার ৬৮৭ টাকা। চার তলাবিশষ্টি এ মার্কেটের নিচ তলার প্রতি বর্গফুট ১৭ টাকা, দ্বিতীয় তলার প্রতি বর্গফুট ১৫, তৃতীয় তলার প্রতি বর্গফুট ১৩ ও চতুর্থ তলার প্রতি বর্গফুট ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশের গ্রিনভিউ মার্কেট, বড় বাজার ও ক্যাপিটাল মার্কেটসহ অন্য মার্কেটগুলোতে ওই আয়তনের দোকান ভাড়া অন্তত তিন-চার গুণ বেশি। এ মার্কেট থেকে বিশ্ববিদ্যালয় বছরে এক কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৮৬২ টাকা কম পাচ্ছে।এ ছাড়াও বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের আরও ২৪টি অস্থায়ী দোকান আছে। এখান থেকে মাসে গড়ে দোকানপ্রতি আয় তিন হাজার ২৮ টাকা। অথচ আশপাশ এলাকায় ওই আয়তনের দোকান ভাড়া অন্তত দ্বিগুণ। এই হিসাবে বছরে আট লাখ ৭২ হাজার ১৮৪ টাকা কম পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস সূত্রে আরও জানা যায়, ২০০৫ সালের ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মার্কেট পরিচালনা কমিটি সর্বশেষ ভাড়া নির্ধারণ করে। তৎকালীন কমিটি সিদ্ধান্ত নেয়, পাঁচ বছর পর পর ভাড়া পুনর্মূল্যায়নের জন্য ভাড়াটিয়াদের সঙ্গে বৈঠক করা হবে। এর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মার্কেটের ভাড়াটিয়াদের সঙ্গে বৈঠক হতো তিন বছর পর পর। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধীন দোকানগুলোর বিদ্যুৎ বিলও কর্তৃপক্ষ পরিশোধ করে থাকে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মার্কেটের দোকানগুলো রাজনৈতিক বিবেচনায় দেওয়ার কারণে ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া সম্ভব হয় না। এ ছাড়া দোকান বরাদ্দ কমিটিও দোকানের ভাড়া নির্ধারণ বা দেখাশোনায় আগ্রহী নয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান থেকে ভাড়া আদায়ের ক্ষেত্রেও চলছে এক ধরনের নৈরাজ্য।একটি সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ রাজনৈতিক কিছু নেতা দোকানগুলো বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কম দামে ভাড়া নিয়েছেন। কিন্তু পরে তাঁরা আবার অনেক বেশি দামে সেগুলো ভাড়া দিয়েছেন। ফলে একটি দোকান থেকে বিশ্ববিদ্যালয় চার-পাঁচ শ টাকা পেলেও ভাড়াটিয়ারা পাচ্ছেন অনেক বেশি। কিন্তু সেই টাকা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে।বিশ্ববিদ্যালয়ের দোকান বরাদ্দ কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ মীজানুর রহমান বলেন, দোকানমালিকদের সঙ্গে চুক্তি অনুযায়ী দোকান ভাড়া দেওয়া হয়। ভাড়ার হার ও পুনর্মূল্যায়নের ধারা অনেক দিন চলে আসছে, তা হঠাৎ করে বদলে দেওয়া সম্ভব নয়। তবে গ্রিন সুপার মার্কেটের দোকান ভাড়া পুনর্মূল্যায়ন করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মার্কেটের ভাড়া আশপাশের দোকান ভাড়া দেখে নতুন করে করার বিষয়েও চিন্তাভাবনা চলছে।