বছরে চার লাখ রোগীকে সেবা দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র (সিইআইটিসি) বছরে চার লাখ রোগীকে সেবা দেয়। একই সময়ে অন্তত ২০ হাজার রোগীর অস্ত্রোপচার করে থাকে। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন।
গতকাল মঙ্গলবার পাহাড়তলীর এই হাসপাতালে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক রবিউল হোসেন এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অরবিস ইন্টারন্যাশনালের এ দেশীয় পরিচালক মনির আহমেদ, অধ্যাপক মুনিরুজ্জামান ওসমানী ও জ্যেষ্ঠ চিকিৎসক মোহাম্মদ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির অতীত কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দিতে সিইআইটিসি ও অরবিস ইন্টারন্যাশনাল যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অধ্যাপক রবিউল হোসেন বলেন, ‘অরবিসসহ বিভিন্ন বিদেশি সংস্থা আমাদের দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে। এ ছাড়া সরকার জায়গা না দিলে আমরা এই প্রতিষ্ঠান করতে পারতাম না।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘১৯৭৩ সালে মাত্র ৩ হাজার ৬০০ টাকা পুঁজি নিয়ে আমরা বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি করে চোখের চিকিৎসা দিতাম। পরে ১৯৮৩ সালে আমরা এই প্রতিষ্ঠান চালু করি। অরবিস ইন্টারন্যাশনাল ২০০১ সাল থেকে যন্ত্রপাতি, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাক্ষেত্রে আমাদের সহযোগিতা করে আসছে। চিকিৎসক ও নার্সদের দক্ষতা বৃদ্ধিতে আমরা সব সময় প্রশিক্ষণ দিয়ে আসছি। এ ছাড়া রয়েছে গ্রন্থাগার সেবাও।’
অরবিস ইন্টারন্যাশনালের এ দেশীয় পরিচালক মনির আহমেদ বলেন, ‘আমরা চক্ষু হাসপাতালের সঙ্গে ১৬ বছর ধরে কাজ করে যাচ্ছি।’
সামাজিক নানা প্রতিবন্ধকতা ও মানুষের সচেতনতার অভাবে এখানে মরণোত্তর চক্ষুদান কার্যক্রম সফল হচ্ছে না বলে রবিউল ইসলাম জানান।