বছরে ছয় মাসই জলাবদ্ধ থাকে কুষ্টিয়া বিএডিসির তিন গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তিনটি কার্যালয় ও গুদাম বছরের ছয় মাসই জলাবদ্ধ থাকে। চার মাস ধরে এ তিনটি দপ্তরের চারপাশ দেড় ফুট পানিতে নিমজ্জিত রয়েছে। তিন বছর ধরে এ অবস্থা চলে এলেও জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে ওই প্রতিষ্ঠানগুলো হলো বিএডিসির আলু (বীজ) হিমাগার, আঞ্চলিক বীজ গুদাম ও আঞ্চলিক সারের গুদাম। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে চিঠি দেয় আঞ্চলিক সার গুদাম কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালে ওই প্রতিষ্ঠানগুলোর উত্তর-পশ্চিম দিকে দুটি বড় পুকুর ভরাট ও আবাসিক কয়েকটি বাড়ি গড়ে ওঠে। ফলে সীমানাপ্রাচীরের পাশের পানি নিষ্কাশন নালা বন্ধ হয়ে যায়। এতে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধ হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো। বর্ষার পর থেকে এবারও জলাবদ্ধতা বিরাজ করছে।
গত রোববার সকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর চারপাশ পানিতে বন্দী। দপ্তরের ভেতরে জমে থাকা পানি বের হতে পারছে না। দপ্তরের আঙিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, অপরিকল্পিতভাবে গুদামের চারপাশে বাড়িঘর নির্মাণ করায় পানি বের হওয়ার নালা বন্ধ হয়ে গেছে। এতে হিমাগার ও গুদামঘরগুলো দেড় ফুট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে সার ও বীজের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দপ্তরের কর্মকর্তারা জানান, সারের গুদামে পটাশ, ড্যাপ, ফসফেট জাতীয় প্রায় এক হাজার ৯০০ টন, ১২ টন আলুবীজ ও বিভিন্ন ধরনের ৪১০ টন বীজ রয়েছে।
বিএডিসির বীজ আলু বিভাগের উপপরিচালক এনামুল হক বলেন, দপ্তরগুলোতে ১১ হাজার ভোল্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ-সংযোগ রয়েছে। পানি থাকায় বিদ্যুৎ লাইনে শর্টসার্কিটের আশঙ্কা থাকে। জলাবদ্ধতা নিরসনের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে। সার বিভাগের যুগ্ম পরিচালক মুস্তাক আহমেদ বলেন, এতে গুদামের দীর্ঘস্থায়ী ক্ষতি হচ্ছে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসকের কিছু করার নেই।