বছরে ছয় মাসেই পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের শান্তিনগর এলাকা বছরের ছয় মাসই এ রকম জলাবদ্ধ থাকে। এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের শান্তিনগর এলাকা বছরের ছয় মাসই এ রকম জলাবদ্ধ থাকে। এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ l ছবি: প্রথম আলো

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের শান্তিনগর এলাকায় দুই শতাধিক পরিবারের বাস। অথচ ঘনবসতিপূর্ণ এ এলাকায় পানিনিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। প্রতিবছর বর্ষাকাল শুরু হলেই দেখা দেয় জলাবদ্ধতা। বছরের ছয় মাসই পানিবন্দী অবস্থায় কাটায় পরিবারগুলো।
শান্তিনগরের বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে বর্তমান সাংসদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা শান্তিনগর এলাকার জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেও গত ১৫ বছরেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচন হয়ে যাওয়ার পর কোনো জনপ্রতিনিধি আর খবর নেননি। বিভিন্ন সময় এলাকাবাসী নিজেদের উদ্যোগে জনপ্রতিনিধিদের কাছে জলাবদ্ধতা নিরসনের দাবি জানালেও লাভ হয়নি।
ওই এলাকার বাসিন্দারা জানান, আনুমানিক ২০ বছর আগে উপজেলা সদরের শান্তিনগর এলাকায় বসতি গড়ে উঠতে শুরু করে। ক্রমে বাড়তে থাকে বাড়ি। বর্তমানে আনুমানিক এক বর্গকিলোমিটার এলাকায় কমপক্ষে ২০০ পরিবার বাস করছে। বসতি গড়ে ওঠার শুরুর দিকে বৃষ্টির পানি যে পথ দিয়ে নামত, সেদিকে আনুমানিক ১৫ বছর আগে দুটি চালকল বসানো হয়। এরপর থেকেই পানি নামা বাধাগ্রস্ত হয়ে বর্ষা এলেই দেখা দিতে থাকে জলাবদ্ধতা।
স্থানীয় লোকজনের অভিযোগ, জলাবদ্ধতায় বছরের ছয় মাস তাঁরা অসহায় অবস্থায় থাকেন। বাড়ি থেকে বের হওয়াও কষ্টকর হয়ে পড়ে। টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলে অনেক বাড়ির উঠান ও ঘরে পানি ওঠে।
সরেজমিনে গত বুধবার দেখা যায়, শান্তিনগর এলাকায় চলাচলের জন্য রয়েছে চারটি পথ। চারটিতেই জমে রয়েছে পানি। এ ছাড়া প্রধান সড়কে ওঠার পথে আনুমানিক ১৫০ মিটার অংশে প্রায় কোমরপানি। ওই স্থানে রয়েছে একটি ঝুঁকিপূর্ণ সাঁকো। দীর্ঘ জলাবদ্ধতার জন্য জমে থাকা পানিতে দুর্গন্ধেরও সৃষ্টি হয়।
দেবতোষ পাল নামের একজন বাসিন্দা বলেন, ‘১৫ বছর ধরে আমরা প্রতিবছরই ছয় মাস সময় পানিবন্দী থাকি। এক ঘণ্টা ভারী বৃষ্টি হলেই আমার ঘরের বারান্দায় পানি ওঠে। আরেকটু বেশি বৃষ্টি হলে ঘরের ভেতর পানি ওঠে। পানি নেমে যাওয়ার কোনো পথ নেই। এখানকার বেশির ভাগ পরিবারের অবস্থাই আমার মতো। জলাবদ্ধতার কারণে আমরা অনেকেই নিজেদের বাড়ির ভিট (মেঝে) উঁচু করে নিয়েছি। তাতেও মুক্তি মিলছে না।’
মন্টি দাস নামের একজন স্কুলছাত্র বলে, সে স্কুল ও প্রাইভেট পড়তে আসা-যাওয়া করতে দিনে ছয়বার নোংরা পানির ওপর দিয়ে চলাচল করে।
নাম প্রকাশ না করার শর্তে একজন বাসিন্দা বলেন, ‘যেকোনো নির্বাচনের আগেই জনপ্রতিনিধিরা শান্তিনগরের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন। কিন্তু ভোটের পর আর কেউ মনে রাখেন না। ১৫ বছর ধরে আমরা পরিবার নিয়ে পানিতে বসবাস করছি। অথচ কোনো জনপ্রতিনিধিই কিছু করছেন না।’
তারাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, শান্তিনগর এলাকায় অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদের সভায় একাধিকবার আলোচনা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়কের নিচ দিয়ে ড্রেন করে পানি রাংসা নদীতে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘উপজেলা পরিষদের তহবিলের টাকা আমি স্বাধীনভাবে ব্যয় করতে পারি না। তাই নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার পরও শান্তিনগরের জলাবদ্ধতা নিরসনে কাজ করতে পারিনি। তারপরও একটি পরিকল্পনা করেছি জলাবদ্ধতা নিরসনের জন্য।’
ময়মনসিংহ-২ (ফুলপুর ও তারাকান্দা) আসনের সাংসদ শরীফ আহমেদ বলেন, ‘স্বীকার করছি, শান্তিনগর এলাকার মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। আন্তরিক চেষ্টা থাকার পরও ওই এলাকার জলাবদ্ধতা দূর করতে একটু দেরি হচ্ছে। শান্তিনগরের জলাবদ্ধতা নিরসনে অনেক টাকার প্রয়োজন। একটি পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। সেটি অনুমোদনের অপেক্ষায়। খুব দ্রুতই মানুষের দুর্ভোগ কমিয়ে আনা হবে।’