বছরে দুবার অগ্নিসংযোগ পরিবারগুলো আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামের হিন্দু পরিবারগুলোর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এক বছরে দুবার দুর্বৃত্তরা তাঁদের খড়ের গাদায় অগ্নিসংযোগ এবং খেতের সবজি নষ্ট করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত বুধবার রাতে গ্রামের হরিপদ দের দুটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তাঁদের যৌথ মালিকানার পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে এবং খেতের মুলা নষ্ট করেছে। গত বছরও হরিপদ দেসহ তাঁর প্রতিবেশী হিন্দু পরিবারের নয়টি খড়ের গাদা ও দুটি গোয়ালঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়েছিল দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত পরিবার, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে জাকান্দি গ্রামের হরিপদ দের দুটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়। একই রাতে দুর্বৃত্তরা বাড়ির একটি পুকুরে বিষ ঢেলে দেওয়ায় সব মাছ মরে যায়। দুর্বৃত্তরা একই সময়ে বাড়ির পাশের খেতের শতাধিক মুলাগাছ নষ্ট করেছে। এতে তাঁদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জাকান্দি গ্রামের কয়েকটি হিন্দু পরিবারের সদস্যরা জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর হরিপদ দেসহ কয়েকটি পরিবারের নয়টি খড়ের গাদা ও দুটি গোয়ালঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওই সময় দুর্বৃত্তরা খেতের কয়েক শ শিম, মুলা ও লাউয়ের গাছ কেটে ফেলেছিল।
হরিপদ দে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘রাত আটটার দিকে হঠাৎ ফেইনে (খড়ের গাদা) আগুন দেখি। চারদিকের লোকজন এসে আগুন নিভিয়েছেন। এরপর পুকুরে টর্চের আলোতে রাতেই মাছ ভাসতে দেখা যায়। আগুন দেওয়ার সময় বা আগে দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে। বারবার একই রকম ঘটনা ঘটায় গ্রামের ৩০ থেকে ৩৫টি হিন্দু পরিবার এখন আতঙ্কে আছে।’
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আগেও এ রকম ঘটনা ঘটেছে। কারা করছে সঠিকভাবে চিহ্নিত করতে পারছি না। এরা (হরিপদ দেসহ তাঁর প্রতিবেশীরা) খুবই ভদ্র, শিক্ষিত পরিবার। দুর্বৃত্তদের ধরতে না পারলে এরা এখানে থাকবে কী করে, বুঝতেছি না।’
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এই ঘটনায় এখনো মামলা হয়নি।