চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিবছর শিক্ষা খাতে ৪২ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সিটি করপোরেশন পরিচালিত ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় এই ভর্তুকি দেওয়া হয়। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর আয় হয় ৬ কোটি টাকা। ব্যয় হয় ৪৮ কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি করপোরেশনের শিক্ষা বিভাগ নগরে ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি কলেজ, একটি কম্পিউটার ইনস্টিটিউট, ছয়টি কম্পিউটার ক্যাম্পাস, একটি সংগীত একাডেমি, ছয়টি কিন্ডারগার্টেন, একটি ইংরেজি মাধ্যম স্কুল ও দুটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে ৬২ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী অধ্যয়ন এবং ১ হাজার ৮৪৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য স্বতন্ত্র কোনো নীতিমালা নেই। এখন একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষা খাতের উন্নয়ন এবং এ খাতকে যুগোপযোগী করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সৈয়দা কাশপিয়া নাহরিন, ফারহানা জাবেদ, মোহাম্মদ সলিম উল্লাহ প্রমুখ।