বছরে মারা পড়ছে ১০ হাজার হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বছরে প্রায় ১০ হাজার হরিণ চোরাই শিকারিদের হাতে মারা পড়ছে। লন্ডনভিত্তিক ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (ডব্লিউটিবি) ও জুলজিক্যাল সোসাইটির যৌথ এক সমীক্ষায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। শিকারিরা এবার সুন্দরবনে হরিণের অভয়ারণ্য এলাকা হিসেবে চিহ্নিত কটকা-কচিখালীতে হানা দিচ্ছে। সুন্দরবন-সংলগ্ন বরগুনার পাথরঘাটায় ২০টি হরিণ শিকারি চক্র এই অপতৎপরতায় জড়িত বলে জানা গেছে।গত এক মাসে বরগুনার পাথরঘাটা থেকে পুলিশ চারটি হরিণের চামড়া, দেড় মণ মাংস ও চারজন শিকারিকে আটক করে। একই সময় পূর্ব-সুন্দরবনের কচিখালী, কটকা এলাকা থেকে বনরক্ষীরা দুই হাজার ২০টি হরিণ শিকারের ফাঁদ, দুটি হরিণের চামড়া, ২৫ কেজি মাংসসহ ছয় শিকারিকে আটক করেন। তবে এবারই প্রথম সুন্দরবনের গহিনে কটকা-কচিখালীতে চোরাই শিকারিদের হানা দেওয়ার ঘটনা ঘটল।ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের প্রধান নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালে আমরা এক গবেষণায় দেখেছি, প্রতিবছর অন্তত ১০ হাজার হরিণ শিকারিদের হাতে মারা পড়ছে। এতে বলা যায়, সুন্দরবন একটি অসম্ভব অনিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে চলছে। তাই সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে হরিণ ও বাঘসহ বন্য প্রাণী রক্ষায় উদ্যোগ নেওয়া খুবই জরুরি।’ তিনি আরও বলেন, সুন্দরবন থেকে যে পরিমাণ হরিণ শিকার করা হচ্ছে, তাতে প্রতিনিয়ত বাঘের খাবার হুমকিতে পড়ছে। খাবার না পেলে বাঘও হুমকির মুখে পড়বে। বাঘ শেষ হয়ে গেলে সুন্দরবনের অস্তিত্ব হুমকিতে পড়বে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, ‘কটকা ও কচিখালী সবচেয়ে বড় হরিণ বিচরণক্ষেত্র। বনসংলগ্ন এলাকায় বিচ্ছিন্নভাবে চোরা শিকারিদের অপতৎপরতা চালানোর ঘটনা মাঝেমধ্যে দেখা গেছে। কিন্তু অভয়ারণ্য কটকা-কচিখালী এলাকাটি গভীর সুন্দরবনের মধ্যে হওয়ায় এ এলাকায় এর আগে কখনো হরিণ শিকারিরা ঢোকেনি। চোরা শিকারিদের প্রতিরোধে বনরক্ষীরা সতর্ক রয়েছেন।’যেভাবে হরিণ শিকার: নাইলনের রশি দিয়ে তৈরি ফাঁস, স্প্রিং বসানো বিশেষ ফাঁদ, কলার মধ্যে বিষ দিয়ে ঝুলিয়ে রাখা ফাঁদ, মাছ ধরার জাল, বড়শিতে বিষ মেশানো খাবার দিয়ে হরিণ শিকার করা হয়। পাথরঘাটার হরিণ শিকারিদের গ্রাম বলে পরিচিত জ্ঞানপাড়ার কয়েকজন শিকারি নাম গোপন রাখার শর্তে জানান, হরিণের ফাঁদ পেতে শিকারিরা মোটা লাঠি নিয়ে আশপাশে ঝোপঝাড়ে লুকিয়ে থাকেন। হরিণ ফাঁদে আটকা পড়লে তাৎক্ষণিক তাঁরা ছুটে গিয়ে পায়ে পেটাতে থাকেন। গুরুতর জখম হরিণকে বেঁধে নৌকায় তুলে সুবিধামতো স্থানে নিয়ে আটকে রাখা হয়। পরে চাহিদা অনুযায়ী জবাই করে মাংস ও চামড়া বিক্রি করেন তাঁরা। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শিকারিদের এই তৎপরতা চলে। পাথরঘাটার সুন্দরবন-সংলগ্ন চরদুয়ানি, জ্ঞানপাড়া, কাঁঠালতলী, পদ্মা, বাদুড়তলা ও হাঁড়িটানা এলাকায় ২০টি চোরাই শিকারি চক্র আছে। জ্ঞানপাড়া এলাকার কালিয়ারখাল এলাকা থেকে ২০০৯ সালের ১৭ মে সাতটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছিল।জানা গেছে, গত ১৩ জানুয়ারি বিকেলে কটকা অভয়ারণ্যের জামতলা সমুদ্রসৈকতে বনরক্ষীরা রবিউল ও রুহুল আমীন নামের দুই শিকারিকে আটক করেন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী কটকা, জামতলা ও বাদামতলা এলাকা থেকে পেতে রাখা ২০টি ফাঁদ উদ্ধার করা হয়।সংঘবদ্ধ শিকারিদের এলাকা: বন বিভাগের হিসাব অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে এক লাখ ২০ হাজার চিত্রা হরিণ রয়েছে। বনের আয়তন, খাদ্যের জোগান ও আবহাওয়ার ওপর এ সংখ্যা নির্ভর করে। ডব্লিউটিবি ও জুলজিক্যাল সোসাইটির সমীক্ষায় বলা হয়েছে, সুন্দরবনঘেঁষা আটটি উপজেলা—সাতক্ষীরার শ্যামনগর; খুলনার কয়রা, দাকোপ; বাগেরহাটের মংলা, মোরেলগঞ্জ, শরণখোলা; পিরোজপুরের মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণ শিকারের পেছনে সংঘবদ্ধ চক্র রয়েছে।আট উপজেলার ৮০০ পরিবারের ওপর পরিচালিত ওই সমীক্ষায় দেখা গেছে, এখানকার প্রতি তিনটি পরিবারের মধ্যে একটি পরিবারের লোকজন হরিণের মাংস কেনাবেচার সঙ্গে জড়িত। এই আট উপজেলায় বর্তমানে তিন লাখ ৪৬ হাজার ৯৫০টি পরিবার বাস করছে। সে অনুযায়ী, এক লাখ ১৫ হাজারের বেশি পরিবার হরিণের মাংস কেনাবেচা করেছে। সমীক্ষা অনুযায়ী, এ অঞ্চলে প্রতিবছর ১০ হাজার ৯৬০টি হরিণ নিধন করে মাংস বিক্রি হচ্ছে।সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, সুন্দরবনের বাঘ ও হরিণ শিকারিদের বিরুদ্ধে তাঁরা অভিযান শুরু করেছেন। প্রতিটি টহল চৌকিকে সতর্ক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।