রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বর্তমানে রেল খাতে বছরে ৭৫০ কোটি টাকা লোকসান হয়। ‘লাভও নয়, লোকসানও নয়’ এই নীতির ভিত্তিতে রেলের এই লোকসান কমিয়ে আনাই তাঁর লক্ষ্য। গতকাল শনিবার রেল খাত নিয়ে দি ইনডিপেন্ডেন্ট পত্রিকা আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ রেলওয়ের পুনর্গঠন: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ওই সেমিনার। রেলের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার ২৪ হাজার কোটি টাকার ৩৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে। যার বেশির ভাগই বাস্তবায়িত হবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং ভারতের ঋণচুক্তির আওতায়। রেল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ঢাকা-জয়দেবপুর এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে, যা রাজধানীর যানজট নিরসনে সহায়তা করবে। ইতিমধ্যে ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জে তিন জোড়া ট্রেন চালু করা হয়েছে। রেলের বহরে আরও ১০টি নতুন ইঞ্জিন যোগ হবে। মন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশীয় অঞ্চলের ট্রানজিটের বাস্তবতা আমাদের গ্রহণ করতে হবে। রেলপথকে কক্সবাজার পর্যন্ত বৃদ্ধি করে মিয়ানমার ও চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে।’ রেলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চান সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমি চেয়েছিলাম সময়মতো ট্রেন চলুক। যখন শুরু করেছিলাম তখন ৪৪ শতাংশ ট্রেন ঠিকমতো চলত। এখন ৭৮ শতাংশ ট্রেন সময়মতো চলে।’ সভাপতির বক্তব্যে ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, সস্তা ও নিরাপদ যান হিসেবে রেলের বিকল্প নেই। তিনি রেলের ঐতিহ্য তুলে ধরে বলেন, একসময় উপমহাদেশের মধ্যে রেল যোগাযোগ ছিল।সেমিনারে মূল প্রবন্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, রেল খাতে আধুনিক প্রযুক্তি গ্রহণ করা উচিত।সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন, সাংসদ হাফিজ উদ্দিন আহমেদ ও রোমানা মাহমুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারোয়ার জাহান, নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, বাসসের প্রধান সম্পাদক এহসানুল করিম, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, রেলসচিব এম ফজলে কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রমুখ।