বছরে সাত হাজার শিশু জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্যালাসেমিয়া রোগ বহন করছে, দেশে এমন মানুষের সংখ্যা প্রায় এক কোটি। এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে তিন লাখ। অন্যদিকে বংশগত এই রোগ নিয়ে প্রতিবছর দেশে সাত হাজার শিশু জন্ম নিচ্ছে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। সংগঠনটি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। আগামীকাল রোববার দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘বাঁচার সমান সুযোগ’।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব মো. আবদুর রহিম বলেন, থ্যালাসেমিয়ার বাহকদের মধ্যে বিয়ে হলে এ রোগের বিস্তার ঘটে। তা ছাড়া জনসংখ্যা বৃদ্ধি, সচেতনতার অভাব, অপ্রতুল চিকিৎসাব্যবস্থা এবং এ রোগ প্রতিরোধে বাস্তবমুখী কার্যক্রমের অভাবে থ্যালাসেমিয়া দেশের স্বাস্থ্যব্যবস্থায় হুমকি হয়ে দেখা দিতে পারে।রহিম জানান, থ্যালাসেমিয়া কোনো সংক্রামক রোগ নয়। আক্রান্ত শিশুদের প্রতি দুই থেকে চার সপ্তাহ পরপর নতুন রক্ত গ্রহণ করে বেঁচে থাকতে হয়। সঠিক ও নিয়মিত চিকিৎসা পেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।অনুষ্ঠানে রক্তরোগ বিশেষজ্ঞ মঞ্জুর মোর্শেদ বলেন, থ্যালাসেমিয়া রোগের বাহক ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী—দুটো এক জিনিস নয়। থ্যালাসেমিয়ার বাহকেরা এ রোগে আক্রান্ত নন। থ্যালাসেমিয়ার দুজন বাহকের মধ্যে বিয়ে হলে কিংবা তাদের মধ্যে মিলনের ফলে জন্ম নেওয়া সন্তানের থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে।মঞ্জুর মোর্শেদ বলেন, থ্যালাসেমিয়ার বাহকদের বাহ্যিক কোনো লক্ষণ নেই। থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির রক্তশূন্যতা দেখা দেবে, পেটের প্লীহা বড় হয়ে যাবে, তাকে ফ্যাকাশে দেখাবে। তিনি বলেন, এই রোগের চিকিৎসা হচ্ছে যত দিন বাঁচবেন, তত দিন নিয়মিত নতুন রক্ত গ্রহণ করতে হবে কিংবা বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। তাই সবারই উচিত, রক্তে থ্যালাসেমিয়া আছে কি না, তা পরীক্ষা করা। রোগ প্রতিরোধে থ্যালাসেমিয়ার বাহকদের মধ্যে বিয়ে বন্ধ করা দরকার।