কলেরা দেশের জন্য উদ্বেগের কারণ। প্রতিবছর আনুমানিক সাড়ে চার লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।কলেরার টিকা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানাতে গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বলেন, দেশে প্রতিবছর আনুমানিক সাড়ে চার লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, আইসিডিডিআরবির ঢাকা কলেরা হাসপাতাল এবং আইসিডিডিআরবির রাজধানীর মিরপুর কেন্দ্রের তথ্যের ভিত্তিতে রোগতত্ত্ববিদেরা সম্প্রতি এই সংখ্যা বের করেছেন। তিনি বলেন, কলেরায় আক্রান্তের একটি বড় সংখ্যা পাঁচ বছরের কম বয়সী শিশু।মাহমুদুর রহমান বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে বগুড়ায় এবং এপ্রিলে কিশোরগঞ্জে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। বগুড়ায় ট্যাপের পানিতে কলেরার জীবাণু পাওয়া গিয়েছিল, যা খুবই উদ্বেগের বিষয়। তিনি বলেন, কলেরা বা ডায়রিয়া ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক উন্নতি করেছে বলে এতে মৃত্যুহার খুবই কম।অনুষ্ঠানে জানানো হয়, আইসিডিডিআরবি ২০১০ সালের শুরু থেকে মিরপুরে কলেরার টিকা প্রকল্পের কাজ শুরু করেছে। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় দুই লাখ ৪০ হাজার মানুষকে টিকা খাওয়ানোর কথা। শঙ্কল নামের যে টিকা এই গবেষণায় ব্যবহার করা হচ্ছে, তা ভারতে নিবন্ধিত।তবে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, মিরপুরে আইসিডিডিআরবি যে গবেষণা করছে তার প্রক্রিয়া সম্পর্কে তিনি ‘অন্ধকারে’। তিনি বলেন, কলেরার টিকা বিষয়ে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী মহলে আলোচনা হওয়া উচিত।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা বলেন, সরকারের স্বাস্থ্যবিষয়ক প্রকাশনায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও বছরে কত লোক মারা যায় তার যে তালিকা তাতে কলেরার কোনো উল্লেখ নেই। সরকারি মহল থেকে কিছু দিন আগ পর্যন্ত সাংবাদিকদের অনুরোধ করা হতো ‘কলেরা’ শব্দ ব্যবহার না করার জন্য। তাঁরা প্রশ্ন করেন, এখন কেন সরকার কলেরার পরিসংখ্যান প্রকাশ করছে? অনুষ্ঠানে এই প্রশ্নের জবাব দেওয়া হয়নি।একজন সাংবাদিক অভিযোগ করেন, মিরপুরে গবেষণা এলাকার অংশগ্রহণকারীদের অনেকেই জানেন না গবেষণার অংশ হিসেবে তাঁরা কলেরার টিকা নিয়েছেন। তাঁরা জেনে-বুঝে গবেষণার জন্য সম্মতি দেননি।এ প্রসঙ্গে আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী সংস্থায় তিনি বিষয়টি উপস্থাপন করবেন।