বছরে সাড়ে ৪ লাখ অপরিণত শিশুর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বাংলাদেশে প্রতিবছর ৪ লাখ ৪৬ হাজার ৯০০ শিশু সময়ের আগেই জন্ম নেয়। এদের মধ্যে ২৩ হাজার ৬০০ শিশু পাঁচ বছর বয়সের আগেই মারা যায়। এই অপরিণত শিশু জন্মের অন্যতম কারণ হচ্ছে মায়ের পুষ্টিহীনতা ও অল্প বয়সে বিয়ে। এটি কমাতে বাড়াতে হবে সচেতনতা আর নারীর ক্ষমতায়ন। 

‘ওদের বাঁচতে দিন: অপরিণত শিশুদের জন্য মমতাপূর্ণ যত্ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: প্রথম আলো
‘ওদের বাঁচতে দিন: অপরিণত শিশুদের জন্য মমতাপূর্ণ যত্ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: প্রথম আলো

আজ মঙ্গলবার সকালে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় প্রথম আলো কার্যালয়ে গোলটেবিলটি অনুষ্ঠিত হয়। গোলটেবিলের শিরোনাম ছিল ‘ওদের বাঁচতে দিন: অপরিণত শিশুদের জন্য মমতাপূর্ণ যত্ন’। ১৭ নভেম্বর বিশ্ব অপরিণত শিশু দিবস উপলক্ষে এই গোলটেবিল আয়োজন করা হয়।
গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, অপরিণত শিশু যাতে জন্ম না নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অপরিণত শিশু কেন জন্ম নেয়, এটা জানা উচিত। মা যদি অপুষ্টিতে ভোগেন, তাহলে অপরিণত শিশু হতে পারে বলে জানান তিনি। এ ছাড়া অপ্রাপ্ত বয়সে যদি মেয়ের বিয়ে হয়, তাহলেও অপরিণত শিশু জন্ম নিতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জিডিপির মাত্র ১ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যবহৃত হয়। যেখানে ইউরোপে ৯ শতাংশ ও যুক্তরাষ্ট্রে ১৮ শতাংশ ব্যয় করা হয়। দেশে কম চিকিৎসক আছে স্বীকার করে মন্ত্রী বলেন, আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি নতুন চিকিৎসক নিয়োগের বিষয়ে সম্মত হয়েছেন।
গোলটেবিলে অপরিণত শিশুর বিষয়ে বিভিন্ন মতামত ও পরিসংখ্যান তুলে ধরে ইউনিসেফে স্বাস্থ্য বিভাগের প্রধান জিয়াউল মতিন বলেন, অপরিণত শিশুর জন্মের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর দশ দেশের মধ্যে সপ্তম। বাংলাদেশে প্রতি ১০টি শিশুর একটি অপরিণত শিশু জন্ম নেয়। উচ্চ আয়ের দেশের অপরিণত শিশু বেশি বেঁচে থাকে আর কম আয়ের দেশগুলোতে এ ধরনের শিশু বেশি বাঁচে না বলে জানান তিনি। ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশে প্রতিবছর ৪ লাখ ৪৬ হাজার ৯০০ শিশু সময়ের আগেই জন্ম নেয়। এদের মধ্যে ২৩ হাজার ৬০০ শিশু পাঁচ বছর বয়সের আগেই মারা যায়। এই অপরিণত শিশু জন্মের অন্যতম কারণ হচ্ছে মায়ের পুষ্টিহীনতা ও অল্প বয়সে বিয়ে, মায়ের ডায়াবেটিস, ধূমপান, দূষণ প্রভৃতি।
বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি তাহমিনা বেগম বলেন, অপরিণত শিশুরা অনেক সময় চোখে দেখে না, কানে শোনে না। তাই সঠিক সময়ে এদের পরীক্ষা করাতে হবে। সমস্যা চিহ্নিত করে সঠিক ব্যবস্থা নিলে অনেক সমস্যা সমাধান করা যায়।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। ছবি: প্রথম আলো
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটালজি বিভাগের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, অপরিণত শিশুর ৭০ থেকে ৮০ ভাগ মৃত্যু কমাতে পারে মায়ের বুকের দুধ ও হাত ভালোভাবে পরিষ্কার করে বাচ্চা লালন-পালন করা।
গোলটেবিলে বক্তারা বলেন, অপরিণত শিশুকে ক্যাঙারু পদ্ধতিতে যত্ন নিয়ে তাদের মৃত্যু অনেক কমে যায়। তাই মাকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে।
গোলটেবিলে বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের নিউবর্ন স্কেল আপ, সেভিং নিউ বর্ন লাইভসের ম্যানেজার ওয়াহিদা সিরাজ, সিনিয়র অ্যাডভাইজর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন, মা-মণি প্রকল্পের কর্মকর্তা ইমতিয়াজ মান্নান, সেভিং নিউ বর্ন লাইভসের পরিচালক নজরুল ইসলাম, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সার্ভিস ডিজিএনএমের পরিচালক নাসিমা পারভীন, ইউএসআইডির হেলথ সিস্টেমস স্ট্রেনদেনিং টিম লিডের ইফতেখার রশিদ, কেয়ার বাংলাদেশের হেলথ সিস্টেম স্ট্রেনদেনিংয়ের কো-অর্ডিনেটর আহসানুল ইসলাম, আইসিএমএইচের নিওনেটালজি বিভাগের অধ্যাপক মজিবুর রহমান, ওজিএসবির সভাপতি লায়লা আরজুমান্দ বানু, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার, হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সায়েন্স নওরোজ জাহান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক খালেদা ইসলাম, বাংলাদেশ পেরিনেটাল অ্যাসোসিয়েশনের (বিপিএ) মহাসচিব এম এ কে আজাদ চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।