বছরে ১০ হাজার পরিবার আশ্রয়হীন
ভোলায় প্রতিবছর মেঘনার ভাঙনে ১০-১২ হাজার পরিবার ঘরবাড়ি হারাচ্ছে। এসব পরিবার বাঁধ, চর অথবা জেলা ছেড়ে অন্যত্র যাযাবরের মতো বসবাস করছে। জেলার ১৭টি ইউনিয়ন ভাঙনকবলিত। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ভাঙনকবলিত ইউনিয়নগুলোর চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনার ভাঙন, অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাসে চলতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১৩ হাজার পরিবার আশ্রয় হারিয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার পরিবার ভোলা ছেড়ে চলে গেছে। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দুই হাজার, পূর্ব ইলিশার ১০০, কাচিয়ার ৪০০, ধনিয়ার ১৫০, দৌলতখানের ভবানীপুরের দুই হাজার, সৈয়দপুরের দুই হাজার, বোরহানউদ্দিনের পক্ষিয়ার এক হাজার, বড় মানিকার ৫০০, হাসান নগরের ৫০০, তজুমদ্দিনের সোনাপুরের ২৫০, চাঁদপুরের ৫০০, লালমোহনের ধলীগৌর নগরের এক হাজার, লর্ডহার্ডিঞ্জের ৫০০, চরফ্যাশনের চর মাদ্রাজ ও আসলামপুরের এক হাজার এবং মনপুরার মনপুরা, হাজীরহাট ও সাকুচিয়া ইউনিয়নের এক হাজার পরিবার নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নের বঙ্গেরচর অংশে ১৭টি গ্রামের মধ্যে গত পাঁচ বছরে ভাঙনে ১৫টি বিলীন হয়েছে। ভাঙনের পাশাপাশি জলোচ্ছ্বাস ও অস্বাভাবিক জোয়ারে খেতের ফসল, ঘেরের মাছ ভেসে যাওয়ায় ইউনিয়নের ১০ হাজার কৃষক ও মৎস্যচাষি নিঃস্ব হয়েছেন। শুধু চলতি বছরেই ভাঙনে দুই হাজার পরিবার সহায়-সম্বল হারিয়ে পথে বসেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলার নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তন ও নদীতে চর জাগায় ভোলায় মেঘনার ভাঙন তীব্র হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভূমি ক্ষয় ও পাহাড় ধসছে। ক্ষয়ে যাওয়া মাটি বৃষ্টিতে ধুয়ে মেঘনায় আসে। পানিতে পলির পরিমাণ বাড়ায় মেঘনার তলদেশ উঁচু হচ্ছে। এ জন্য ঘন ঘন অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাস হচ্ছে। গত দুই বছরে ১০-১২ বার অস্বাভাবিক জোয়ারে যেমন লোকালয়-ফসলি জমি প্লাবিত হয়েছে, তেমনি বেড়েছে ভাঙন। এ ছাড়া মেঘনার মাঝে জেগে ওঠা বিস্তীর্ণ চরের কারণে শাহবাজপুর চ্যানেলে উত্তর-দক্ষিণ দুই দিক থেকে জোয়ার আসে। ফলে ভাঙন বেড়েছে। তিনি আরও জানান, গত দুই-তিন বছর ধরে দুর্যোগ বেড়েছে। এতে প্রতিবছর ১০-১২ হাজার পরিবার ঘরহারা হচ্ছে। এসব পরিবার বাঁধ, চর অথবা জেলা ছেড়ে অন্যত্র যাযাবরের মতো বসবাস করছে। জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বলেন, অস্বাভাবিক জোয়ার, ভাঙনসহ ঘন ঘন দুর্যোগে ভোলায় মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। ধনী মুহূর্তেই ফকির হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাসম্ভব পুনর্বাসন করা হচ্ছে।