বছরে ১৭টি কিডনি প্রতিস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রয়োজনের মাত্র ১ থেকে ২ শতাংশ কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে। কিডনি দানে আইনি জটিলতা এবং আগ্রহী ব্যক্তির স্বল্পতার কারণে তা প্রতিস্থাপন অনেকাংশে আটকে আছে। বিশেষজ্ঞরা বলছেন, আইনি বাধা দূর করার পাশাপাশি কিডনি দানের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে কিডনি প্রতিস্থাপনবিষয়ক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। সফলভাবে ৫০০তম কিডনি প্রতিস্থাপন উপলক্ষে বিএসএমএমইউ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বলা হয়, ১৯৮২ সালে দেশে ও বিশ্ববিদ্যালয়ে প্রথম কিডনি প্রতিস্থাপিত হলেও নিয়মিতভাবে কিডনি প্রতিস্থাপন শুরু হয় ১৯৮৮ সাল থেকে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ৫০৫টি কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়েছে, এর মধ্যে শিশুদের ১১টি। ২৯ বছরের হিসাবে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর মাত্র ১৭টি বা প্রতি দুই মাসে তিনটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে। এই সংখ্যা খুবই কম বলে মন্তব্য করেন একাধিক আলোচক। প্রতিস্থাপনের মোট সংখ্যা দিলেও রোগীদের বয়স, আর্থসামাজিক অবস্থা, দাতাদের পরিচয়—এসব নিয়ে কোনো বিশ্লেষণ ছিল না।
অধ্যাপক এম এ ওহাব দেশে প্রথম কিডনি প্রতিস্থাপন উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, দেশে কিডনি প্রতিস্থাপন অব্যাহত রাখতে হবে। ডায়ালাইসিসে খরচ বেশি, রোগীর স্বাধীনতা কম। অন্যদিকে কিডনি প্রতিস্থাপনে খরচ কম, স্বাধীনতা বেশি।
বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম বলেন, প্রতিস্থাপন করার জন্য অনেক কিডনি দরকার। আইনসিদ্ধ দাতা শ্রেণি (ডোনার পুল) বড় করার পাশাপাশি মৃত ব্যক্তির কিডনি ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার।
১৯৯৯ সালের অঙ্গ সংযোজন আইন যথেষ্ট ভালো বলে মন্তব্য করেন বিভাগটির আরেক সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম কিবরিয়া। তিনি বলেন, কিছু সংযোজন-বিয়োজন করে আইনটি যথাযথভাবে প্রয়োগ না করলে কিডনি কেনাবেচা বন্ধ করা যাবে না।
বিশিষ্ট কিডনি শল্যচিকিৎসক অধ্যাপক এম এ সালাম বলেন, স্পেন ও নেদারল্যান্ডসে মৃত ব্যক্তির শরীরের মালিক রাষ্ট্র। মৃত ব্যক্তির কিডনি বা অন্য অঙ্গ তারা প্রয়োজনে ব্যবহার করতে পারে। এ দেশেও এমন কিছু করা উচিত, যেন মৃত ব্যক্তির শরীরের কয়েকটি অঙ্গ প্রয়োজনে অন্যের শরীরে স্থাপন করা যায়।
অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে আসা বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার সেলিনা শিউলী মরণোত্তর দেহদানের ঘোষণা দেন। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কাগজপত্র প্রস্তুত করার অনুরোধ করেন। এরপর একই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান এবং সহ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার।
উপাচার্যের সভাপতিত্বে সভার শুরুতে বলা হয়, দেশের প্রায় ১৭ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে আক্রান্ত। প্রতিবছর প্রায় ৩৫ হাজার মানুষের কিডনি স্থায়ীভাবে অকার্যকর হয়ে পড়ছে। এদের মাত্র ২০ শতাংশ প্রতিস্থাপন চিকিৎসা (ডায়ালাইসিস ও ট্রান্সপ্ল্যান্ট) পাচ্ছে।