বছরে ২০ লাখ মানুষ বাড়লেও দেশে খাদ্যঘাটতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে কৃষিজমি কমলেও প্রতিবছর ২০ লাখ করে মানুষ বাড়ছে। সরকারের কৃষি উপকরণ-সহায়তা, কৃষক ও কৃষিবিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টায় দেশ থেকে দুর্ভিক্ষ দূর হয়েছে। নানা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দেশে খাদ্যাভাবজনিত কোনো মানবিক বিপর্যয় দেখা দেয়নি; বরং খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গতকাল রোববার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর সেচ ভবনে পিআরএসপি প্রকল্পের কৃষি গবেষণা ও পরিকল্পনা বিষয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব মঞ্জুর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন।মতিয়া চৌধুরী বলেন, আমাদের বিজ্ঞানীরা মোট ১০টি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন। এর মধ্যে আমন ও বোরো মৌসুমের জন্য পাঁচটি লবণাক্ততাসহিঞ্চু ও দুটি জলমগ্নতাসহিষ্ণু এবং দুটি জাত খরাসহিষ্ণু। বিভিন্ন ধরনের বৈরী পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী আরও ধানের জাত উদ্ভাবনের কাজ দ্রুত এগিয়ে চলছে।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কয়েক বছর ধরে টানা বাম্পার ফলন হওয়ায় খাদ্য আমদানির প্রয়োজন হচ্ছে না; বরং খাদ্য রপ্তানির সুযোগ থাকার পরও আমরা মজুদ বাড়াতে তা করছি না। আমন ফলন ভালো হওয়ায় আগামী বছরও খাদ্য আমদানির দরকার হবে না।