জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ভাড়া দিয়ে বাংলাদেশ ১৬ বছরে ৬ হাজার ৮৫৬ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৭৮৬ টাকা আয় করেছে। ২০০১ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রতিবছর গড়ে আয় হয়েছে ৪৩৭ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ২৬৪ টাকা।
গতকাল সোমবার সরকারি দলের সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ২০০১ সালে আয় ছিল ১৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা। ২০১৫ সালে আয় হয়েছে ৬৪৪ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৩৮৮ টাকা। এ বছরের প্রথম ৮ মাসে আয় হয়েছে ৫৬৬ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৯০৩ টাকা। ২০১২ সালে সর্বোচ্চ ৭৭৯ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকা আয় হয়েছে।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলন হবে। সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে। আশা করা যায়, এই সম্মেলন সমস্যার সমাধানে সাহায্য করবে। মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে। এমনকি আসিয়ান জোটের কয়েকটি দেশও বিষয়টি সুরাহার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমার এই জোটের সদস্য। আমরাও বিভিন্ন পর্যায়ে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। বিষয়টি নিয়ে অং সান সু চির সঙ্গে আমার কথা হয়েছে। তাঁর বক্তব্য আশাব্যঞ্জক। তবে তাঁর দেশের ভেতরেও সমস্যা আছে। এটা সবাই জানেন। সব মিলিয়ে বিষয়টি সংবেদনশীল পর্যায়ে আছে।’
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অধিকাংশ দেশে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব কোনো ভবন নেই। তবে চীনের বেইজিং, বেলজিয়ামের ব্রাসেলস, ভারতের দিল্লি ও কলকাতা, যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউইয়র্ক, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ও জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন রয়েছে।
নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে বিদেশের বিভিন্ন কারাগারে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশি আটক আছেন। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬৯৭ জন ভারতে এবং মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন আটক আছেন।
ভারতীয় ভিসা সহজ করার বিষয়ে আবদুস শহীদের সম্পূরক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আগের তুলনায় উন্নত ও সহজতর হয়েছে। তবে এটি আরও সহজ করার জন্য ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের অপব্যবহার রোধকল্পে মাদকবিরোধী কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। গত মার্চ পর্যন্ত সারা দেশে ৩২ হাজার ৩১টি স্কুল ও কলেজের মধ্যে ২১ হাজার ৮৩টি কমিটি গঠন করা হয়েছে।
জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর মঞ্জুরি করা জনবল ১ লাখ ৯৪ হাজার ২৮৩। বর্তমানে নারী পুলিশের হার ৬ দশমিক ৮৫ শতাংশ।
সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দেশে মাদকাসক্তদের সঠিক সংখ্যা নির্ণয়ে এখনো পর্যন্ত কোনো জরিপ হয়নি। এ বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে আলোচনা চলছে। নারী মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়ে মন্ত্রী বলেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসার জন্য আগত রোগীদের মধ্যে নারী মাদকাসক্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে।
নজরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চোরাকারবারের সঙ্গে জড়িত বাংলাদেশের গডফাদারদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান আছে। এ ছাড়া এখন পর্যন্ত আটক হওয়া চোরাকারবারি ও গডফাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে। জলপথের চোরাকারবারি ও গডফাদারদের চিহ্নিত করতে কোস্টগার্ডের জন্য পৃথক গোয়েন্দা সংস্থা প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা দূর করতে গত ৯ আগস্ট একনেকে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, শেষ হবে ২০২০ সালে।
প্রশ্নোত্তরের আগে বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।