বিসিএসআইআরের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের কর্মশালা
বছরে ৫ হাজার খাদ্য নমুনা বিশ্লেষণ
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (আইএফএসটি) প্রতিবছর প্রায় পাঁচ হাজার খাদ্যের নমুনা বিশ্লেষণ করে। এসব নমুনার মধ্যে রয়েছে চিংড়ি, শিশুদের জন্য ভিটামিনযুক্ত বিস্কুট, দুগ্ধজাত পণ্য ইত্যাদি। এসব পণ্যে ক্ষতিকর উপাদান আছে কি না, তা বিশ্লেষণ করে সেবা দিয়ে আসছে আইএফএসটি।
আইএফএসটি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক মো. জহুরুল হক। প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে খাদ্য শিল্প বিকাশে আইএফএসটির ভূমিকা শীর্ষক কর্মশালার আয়োজক ছিল আইএফএসটি।
মূল উপস্থাপনায় জহুরুল হক গত ৩৪ বছরে ইনস্টিটিউটের বিভিন্ন অর্জনের তথ্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দেশি-বিদেশি জার্নালে ৩৩০টি নিবন্ধ প্রকাশ, ১৭৬টি প্রযুক্তি উদ্ভাবন, ৩২টি পেটেন্ট অর্জন, ৮৩টি প্রযুক্তি ইজারা প্রদান ইত্যাদি। এ ছাড়া ৯৩টি প্রযুক্তি ইজারা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।
দেশে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) স্কুল ফিডিং কর্মসূচির জন্য উৎপাদিত বিস্কুটের মান নিয়ন্ত্রণেও সহযোগিতা করে আসছে আইএফএসটি। তারা সম্প্রতি দেশব্যাপী লাগসই প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে সয়াবিন থেকে সয়ামিল এবং ক্যারোটিনসমৃদ্ধ নুডলস তৈরি করছে।
মূল উপস্থাপনার পর কর্মশালায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিজ্ঞানী, দেশে খাদ্য প্রস্তুতকারক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী প্রমুখ। বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন) মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তৃতা করেন আইএফএসটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা খান।
কর্মশালার সুপারিশগুলোর মধ্যে রয়েছে বিসিএসআইআরের পণ্যসমূহ নির্বিঘ্নে বাজারজাত করা এবং এ ক্ষেত্রে বিএসটিআই, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার ও সরকারি অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে তা তালিকাভুক্ত করা, উদ্ভাবিত পণ্যের ইজারা সহজ করা ও নিয়মিত গুণগত মান যাচাই, খাদ্যে ভেজাল রোধে দৃঢ় ভূমিকা রাখা, গবেষণাগারগুলোর অ্যাক্রিডিশন করানো ইত্যাদি।