বছরে ৫০ হেক্টর বনভূমির ৭৫ হাজার গাছ বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বালু সাগরে বিলীন হচ্ছে। এতে গোড়াসহ উপড়ে পড়ে আছে গাছ। ছবিটি সম্প্রতি গঙ্গামতি এলাকা থেকে তোলা l প্রথম আলো
ভাঙনে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বালু সাগরে বিলীন হচ্ছে। এতে গোড়াসহ উপড়ে পড়ে আছে গাছ। ছবিটি সম্প্রতি গঙ্গামতি এলাকা থেকে তোলা l প্রথম আলো

পর্যটনকেন্দ্র কুয়াকাটার সৈকতঘেঁষা বনাঞ্চলের অন্তত ৫০ হেক্টর বনভূমি ও ছোট-বড় মিলিয়ে ৭৫ হাজার গাছ প্রতিবছর সাগরে বিলীন হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও সামুদ্রিক ঢেউয়ের কারণে ভাঙনের এ ঘটনা ঘটছে। ফলে আস্তে আস্তে কুয়াকাটার বনাঞ্চল বিলীন হচ্ছে। পাশাপাশি সৌন্দর্য হারাচ্ছে কুয়াকাটা সমুদ্রসৈকত।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে বন ও বনের গাছ ধ্বংস হলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
পটুয়াখালী বন বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সরকার কুয়াকাটা বনাঞ্চলকে জাতীয় উদ্যান ঘোষণা করে। কুয়াকাটা বনের আয়তন ৫ হাজার ৬৬১ হেক্টর। পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে ২০০৭-০৮ অর্থবছরে প্রাকৃতিক বনসংলগ্ন ১০ হাজার হেক্টর জমির ওপর ঝাউবাগান গড়ে তোলা হয়। এ ছাড়া ২০১০ থেকে ২০১২ অর্থবছর পর্যন্ত নতুন বাগান তৈরি করা হয়। কিন্তু ঢেউয়ে ও ভাঙনে প্রতিবছর অন্তত ৫০ হেক্টর বনভূমি বিলীন হচ্ছে। বন বিভাগের হিসাবমতে, প্রতি হেক্টর বনভূমিতে ছোট-বড় মিলিয়ে অন্তত দেড় হাজার গাছ থাকে। সেই হিসাবে প্রতিবছর বিলীন হচ্ছে অন্তত ৭৫ হাজার গাছ।
এদিকে ১৮ কিলোমিটার সৈকত ৮ কিলোমিটার প্রশস্ত ছিল। অব্যাহত ভাঙনে ৮ কিলোমিটার প্রশস্ত সৈকত এখন সংকুচিত হয়েছে। জোয়ারের সময় পর্যটকেরা সৈকতে নামতে পারছেন না।
সম্প্রতি কুয়াকাটা সমুদ্রসৈকত ঘুরে দেখা গেছে, সাগরের ঢেউয়ে গাছের মূল থেকে বালু সরে শিকড় বেরিয়ে আছে। কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু গাছ। এ ছাড়া বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গাছের মূল। সৈকতে পড়ে থাকা গাছগুলো লোকজন কেটে নিচ্ছে।
কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ বলেন, একসময় কুয়াকাটার সৈকতঘেঁষা নারকেলবাগান, তালবাগানে সারি সারি গাছ ছিল। যা দেখে পর্যটকেরা আকৃষ্ট হতেন। কিন্তু ভাঙন ও সাগরের ঢেউয়ে তালবাগান বিলীন হচ্ছে, নারকেলবাগানও এখন বিলুপ্তির পথে। ঝাউবাগানও ভেঙে বিলীন হচ্ছে। ম্যানগ্রোভ বনও বিলীনের পথে।
কুয়াকাটা হোটেল-মোটেল রিসোর্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ভাঙনে সৈকত ছোট হচ্ছে। আকর্ষণীয় স্পটগুলো ভেঙে যাচ্ছে। বিলীন হচ্ছে বনের গাছ। ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নিতে হবে। তা না হলে পর্যটকদের কাছে আকর্ষণ হারাবে কুয়াকাটা সৈকত।

সাগরের ঢেউয়ের ঝাপটায় ভাঙনের হুমকিতে কুয়াকাটার বনাঞ্চল। ছবিটি সম্প্রতি গঙ্গামতি এলাকা থেকে তোলা l প্রথম আলো
সাগরের ঢেউয়ের ঝাপটায় ভাঙনের হুমকিতে কুয়াকাটার বনাঞ্চল। ছবিটি সম্প্রতি গঙ্গামতি এলাকা থেকে তোলা l প্রথম আলো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বঙ্গোপসাগরে পানির স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঝড়-জলোচ্ছ্বাসে ঢেউয়ের তাণ্ডব বেড়ে যাচ্ছে। ঢেউয়ে বালু সরে শিকড় বেরিয়ে পড়ছে। এই অবস্থায় গাছ মরে যাচ্ছে। ভাঙন প্রতিরোধের পাশাপাশি নতুন করে বনায়নে জলোচ্ছ্বাস প্রতিরোধ, লবণ-সহিষ্ণু গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। এতে কুয়াকাটা সৈকতের সৌন্দর্য বাড়বে, রক্ষা পাবে বনাঞ্চল।
একই বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এ ছাড়া বর্ষা মৌসুমে সাগরের ঢেউয়ে গোড়ার বালু সরে গাছ বিলীন হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা প্রয়োজন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, এভাবে সৈকত-সংলগ্ন গাছপালা সমুদ্রগর্ভে বিলীন হলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দোঁ বলেন, ভাঙনে গত পাঁচ বছরে ২৫০ হেক্টর বনভূমি বিলীন হয়ে গেছে। ভাঙনে কুয়াকাটাসংলগ্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন করা যাচ্ছে না। তবে গঙ্গামতি ও কাউয়ার চর এলাকায় নতুন করে বাগান তৈরি করা হচ্ছে। গত পাঁচ বছরে ১২৫ হেক্টর বাগান তৈনি করা হয়েছে। ম্যানগ্রোভের পাশাপাশি লবণ-সহিষ্ণু ও জলোচ্ছ্বাস প্রতিরোধে ২০ হাজার তালগাছ রোপণ করা হয়েছে। এ ছাড়া পটুয়াখালীর বিভিন্ন উপকূলীয় এলাকায় ৯৮০ হেক্টর নতুন বাগান তৈরি করা হয়েছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকেও (পাউবো) চিঠি দেওয়া হয়েছে।
পাউবো পটুয়াখালীর কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, ভাঙন রক্ষায় ‘কুয়াকাটা সমুদ্রসৈকত রক্ষা প্রকল্প’ নামে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর জরিপকাজ চলছে।