বছরে ৬-৭ লাখ রোগী ভারতে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চিকিৎ​সকেরা বলেছেন, প্রতি বছর ভারতে চিকিৎ​সা নিতে যাওয়া রোগীদের ২২ শতাংশ বাংলাদেশি। আর বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, বছরে ছয় থেকে সাত লাখ রোগী ভারতে চিকিৎ​সা নিতে যায়।

আজ শনিবার রাজধানীর গুলশানের কমিউনিটি ক্লাবে বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎ​সা সহায়তা উদ্যোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। কেয়ারিং ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভারতের পিএসআরআই হাসপাতালের পরিচালক ড. দীপক শুক্লা বলেন, ভারতের চিকিৎ​সার মান বিশ্বমানের। পৃথিবীর বহু দেশ থেকে রোগীরা আধুনিক ও সাশ্রয়ী মূল্যে চিকিৎ​সা নিতে ভারতে আসে। প্রতিবছর যত রোগী বিদেশ থেকে ভারতে যায় তার ২২ শতাংশ বাংলাদেশের।

অনুষ্ঠানে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রতিবছর ১০ থেকে ১২ লাখ লোক ভারত ভ্রমণে যায়। এদের ৬০ শতাংশ অর্থাৎ​ ছয় থেকে সাত লাখ লোক যায় চিকিৎ​সার জন্য।

অনুষ্ঠানে জানান হয়, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান ইজি গ্রুপ ও ভারতের ব্যবসায়ী প্রতিষ্ঠান উড়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগ কেয়ার ইন্ডিয়া। বাংলাদেশি রোগীদের ভিসা পাওয়ায় সহায়তা থেকে শুরু করে হাসপাতালে ভর্তিসহ নানা ধরনের সহায়তা তারা দেবে।

কেয়ার ইন্ডিয়ার পরিচালক ও সাবেক বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন বলেন, কেয়ার ইন্ডিয়া শুধু ভারতে বাংলাদেশি রোগী পাঠাবে না, ভারতের উন্নত চিকিৎ​সা প্রযুক্তি বাংলাদেশে আনার চেষ্টা করবে।