বছরে ৮০০ কোটি টাকার মাছের ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত রামপাল প্রকল্পের কয়লার ছাইদূষণ নিয়ে সেমিনারে গতকাল বক্তব্য দেন কমিটির সভাপতি সুলতানা কামাল  l প্রথম আলো
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত রামপাল প্রকল্পের কয়লার ছাইদূষণ নিয়ে সেমিনারে গতকাল বক্তব্য দেন কমিটির সভাপতি সুলতানা কামাল l প্রথম আলো

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৬০ বছরে ৩ কোটি ৮০ লাখ টন ছাই বের হবে। এই ছাইয়ের দূষণে সুন্দরবন এলাকায় বছরে কমপক্ষে ৮০০ কোটি টাকার মাছ মারা যেতে পারে।
বিদ্যুৎকেন্দ্রটির কয়লার ছাইয়ের দূষণ নিয়ে যুক্তরাষ্ট্রের কয়লাদূষণ বিশেষজ্ঞ এ ডেনিস লেমনির করা এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে সামাজিক যোগাযোগমাধ্যম স্কাইপের মাধ্যমে তিনি এই গবেষণার ফলাফল তুলে ধরেন। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আয়োজনে ওই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় জ্বালানি ও প্রাণীবিশেষজ্ঞরা অংশ নেন।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রটির নির্মাণস্থল সুন্দরবনের বাংলাদেশ অংশের উত্তর-পশ্চিম প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার দূরে। ইউনেসকো, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ এই প্রকল্প সুন্দরবনের জন্য ঝুঁকি তৈরি করবে উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়ে আসছে। তবে সরকার বলছে, এই প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি (সুপার ক্রিটিক্যাল) ব্যবহৃত হবে। তাই সুন্দরবনের কোনো ক্ষতির আশঙ্কা নেই।
গতকাল সেমিনারে ডেনিস লেমনি বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণকারী সংস্থা বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির দেওয়া তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রটি থেকে উপজাত হিসেবে যে ছাই বের হবে, তাতে আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সিসা, পারদ, সেলেনিয়াম, থেলিয়ামসহ বেশ কিছু বিষাক্ত ভারী ধাতু থাকবে; যা সুন্দরবনের প্রতিবেশব্যবস্থায় ঢুকে দীর্ঘমেয়াদি দূষণ তৈরি করবে।
ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করা হলে ১৫ শতাংশ ছাই বের হবে উল্লেখ করে ডেনিস লেমনি বলেন, ভারতীয় কয়লা আনলে ২৫ থেকে ৪৫ শতাংশ ছাই উৎপন্ন হবে। এসব ছাই রাখার জন্য ৫০০ হেক্টর জমিতে পুকুর খনন করা হবে, যা ছয় বছরের মধ্যে পূর্ণ হয়ে যাবে। রামপাল এলাকায় ঝড়-জলোচ্ছ্বাসের আশঙ্কা বেশি এই তথ্য উল্লেখ করে ডেনিস বলেন, ছাই পুকুর উপচে ও চুঁইয়ে সুন্দরবনের নদী-জলাশয়ে ছড়িয়ে পড়বে।
কয়লার ছাইয়ের সঙ্গে ভারী ধাতু সেলেনিয়াম ও পারদ সুন্দরবনে ছড়িয়ে পড়তে পারে—এই আশঙ্কার কথা জানিয়ে ডেনিস বলেন, যেসব মাছ ও প্রাণীর শরীরে সেলেনিয়াম প্রবেশ করবে, সেগুলোর পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। সর্বশেষ ফলাফল হিসেবে ওই অঞ্চলের অনেক মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সেমিনারে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সভাপতি সুলতানা কামাল বলেন, ‘আজ রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে কাল থেকে এর প্রভাব দৃশ্যমান হবে তেমনটা নয়। এর প্রভাব পড়বে দীর্ঘ মেয়াদে। একসময় কলকাতার গড়ের মাঠ পর্যন্ত সুন্দরবন ছিল। তা এখন বৃক্ষ্যহীন প্রান্তরে পরিণত হয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের অবস্থাও একই রকম যে হবে না, তা কেউ বলতে পারে না।’
প্রাকৃতিক বিপর্যয় ঘটলে তা মানুষের জীবনকেও বিপর্যস্ত করে তোলে বলে অভিমত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আবুল বাশার। তিনি বলেন, ‘আজ আমাদের দেশে যে প্রতিবন্ধী শিশুদের জন্ম বেড়ে যাচ্ছে, অপুষ্ট শিশুর সংখ্যা বাড়ছে, তার বড় কারণ পরিবেশদূষণ। সুন্দরবনে কয়লার ছাই থেকে যে দূষণ হবে, তা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়বে। তখন আমাদের আর কিছু করার থাকবে না।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল আজিজ, জাতীয় কমিটির শরিফ জামিল ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।