বছরের একটা দিন গণিতের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে আজ রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ডাচ-বাংলা ব্যাংক  প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৬ এর চূড়ান্তপর্বে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি: হাসান রাজা
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে আজ রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৬ এর চূড়ান্তপর্বে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি: হাসান রাজা

শেষ হলো দুদিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব-২০১৬। এই উৎ​সবের শেষদিনে আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ছিল নানা আয়োজন। ছিল রুবিকস কিউব প্রতিযোগিতা, প্রশ্নোত্তর পর্ব, দেশের বিশিষ্ট গণিতবিদদের সম্মাননা প্রদান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।

আজ উৎসবের সমাপনী দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সিসিমপুরের টুকটুকি, হালুম আর ইকরির সঙ্গে শিক্ষার্থীদের ভাব বিনিময়ের মধ্য দিয়ে। এ ছাড়া গান আর পটে আঁকা ছবির মধ্য দিয়ে শিল্পীরা তুলে ধরেন গণিতের প্রয়োজনীয়তা, এর ইতিহাস ও জাতীয় গণিত উৎসবের এগিয়ে যাওয়ার গল্প। খুদে গণিতবিদেরা গণিত সংসদে বিদ্যালয়গুলোতে বছরের অন্তত একটা দিন গণিতের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করে। পাশাপাশি প্রথম আলোতে গণিত বিষয়ক আলাদা একটি পাতা চালু করার প্রস্তাবও করে তারা। এই দুটি প্রস্তাবই পাস হয় গণিত সংসদে। এই পর্বটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল হাকিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করে আসছে। চলতি বছরের জুলাই মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচন করার লক্ষ্যে এবারের উৎসবে সারা দেশের ২৪টি জেলা শহরের আঞ্চলিক পর্বে অংশ নেয় প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। এর মধ্য থেকে এক হাজারের বেশি বিজয়ী শিক্ষার্থী নিয়ে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী জাতীয় উৎসবের উদ্বোধন করা হয়।
আজ শনিবার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মোট ৮১ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে নেত্রকোনার ঈপ্সিতা জাহান, জুনিয়র ক্যাটাগরিতে সিরাজগঞ্জের সৌমিক রঞ্জন পাল, সেকেন্ডারি ক্যাটাগরিতে বরিশালের নাইমুল ইসলাম এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সিলেটের আসিফ এ এলাহী। এর মধ্যে আসিফ এ এলাহী একই সঙ্গে চ্যাম্পিয়ন অব দ্য অলিম্পিয়াড খেতাবও অর্জন করে।
সুডোকুতে চ্যাম্পিয়ন হয় মো. তৌকির হোসেন। এ ছাড়া গণিতে বিশেষ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুব্রত মজুমদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ফজলে হোসেনকে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে।
রুবিকস কিউব প্রতিযোগিতায় ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হুমায়ুন কবির ১১ দশমিক ২৫ সেকেন্ডে কিউব মিলিয়ে নতুন জাতীয় রেকর্ডের অধিকারী হন। নাচ-গান ও ছবির সঙ্গে পটগানের শিল্পীদের ব্যতিক্রমী পরিবেশনায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে।
এর মধ্যে অনুষ্ঠানস্থলে শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালের আগমনে তৈরি হয় আলাদা চাঞ্চল্য। এ পর্বে তিনি খুদে গণিতবিদদের মজার মজার সব প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘আজকে তোমরা যারা পুরস্কার পাবে না তাদের মন খারাপের কোনো কারণ নেই। আমি নিজে ছোটবেলায় কোনো পুরস্কার পাইনি। এখন বুঝতে পারি পুরস্কার পাওয়ার চেয়ে পুরস্কার দিতে পারাটা অনেক আনন্দের।’
সমাপনী দিনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুৎফুজ্জামান, অধ্যাপক আনোয়ার হোসেন, বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান, বাংলাদেশ গণিত দলের কোচ অধ্যাপক মাহবুব মজুমদার, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান প্রমুখ।