বছরের একটি দিনকে পাট দিবস হিসেবে ঘোষণার সুপারিশ
কৃষককে পাট চাষে উৎসাহ দিতে বছরের একটি দিনকে ‘পাট দিবস’ হিসেবে ঘোষণা করার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির এই বৈঠকে সংসদে উত্থাপিত পাট বিল, ২০১৬ নিয়ে আলোচনা হয়। কমিটি প্রস্তাবিত এই আইনে বছরের যেকোনো একটি দিনকে পাট দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
কমিটির সদস্য সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সোনালি আঁশ পাটের অতীত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে তাঁরা বছরের একটি দিনকে যাতে পাট দিবস হিসেবে পালন করা হয়, তার জন্য সুপারিশ করেছেন। জাতীয়ভাবে একটি দিন পাট দিবস হিসেবে পালিত হলে চাষিরা উৎসাহিত হবেন। আর এটা পালনের বাধ্যবাধকতা করতেই কমিটি সেটা আইনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
গত মে মাসে পাট বিল সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, এনামুর রহমান ও সাবিনা আক্তার তুহিন অংশ নেন।