
কাজমির আহমেদ ও সাহেরা বেগম দম্পতির চৌচালা টিনের ঘরের ভেতরে হাঁটুপানি। ঘরের আসবাবপত্র সেই পানির মধ্যে। শৌচাগারও পানিতে নিমজ্জিত। হাঁটুপানিতে দাঁড়িয়ে গ্যাসের চুলায় রান্না করছেন সাহেরা।
১৮ জুলাই দুপুরে কুমিল্লা শহরতলির চান্দপুর পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এই দৃশ্য দেখা যায়। দুই মাস ধরে পরিবারটি এমন দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। গতকাল সোমবারও এলাকায় গিয়ে একই পরিস্থিতি দেখা গেল। তবে পানি কিছুটা কমেছে। এলাকাটি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের অন্তর্ভুক্ত।
শুধু কাজমির ও সাহেরা দম্পতি নন, ওই এলাকার কমপক্ষে ১০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রায় সবার ঘরেই পানি থই থই করছে। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মক্তবেও পানি ঢুকে একাকার।
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৯ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগীরা। বর্ষা মৌসুম তো আছেই। বছরের যেকোনো সময় বৃষ্টি হলেই এলাকাটি পানিতে তলিয়ে যায়। কিন্তু এত বড় সংকট দূর করার জন্য কেউ এগিয়ে আসছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।
তবে জনপ্রতিনিধি বলছেন, এই এলাকার জলাবদ্ধতা সেখানকার মানুষেরই তৈরি সমস্যা। এলাকাটি এমনিতেই নিচু। তার ওপর অপরিকল্পিতভাবে বাসাবাড়ি তৈরি এবং পানিপ্রবাহের নালার মুখ বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৯ নম্বর ওয়ার্ডের চান্দপুর পশ্চিমপাড়া জবেদা হাউসের সামনের সড়ক দিয়ে কোমরপানি মাড়িয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল মানুষের চরম ভোগান্তি। মূল সড়ক থেকে ভেতরের কানাগলিতেও পানি ঢুকে পড়েছে। এক গম্বুজ মসজিদের ভেতরেও পানি। একমাত্র চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরেও পানি ঢুকেছিল। তিন-চার দিন আগে পানি নামলেও এখনো শ্রেণিকক্ষগুলো কাদাময়। তার আগে পানির কারণে তিন দিন ক্লাস বন্ধও ছিল।
বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ বছর ধরে এভাবে চলে আসছে। প্রতিবছর আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত এভাবে পানি থাকে। এই তিন-চার মাস পানি না সরায় বড় কষ্টে দিন কাটাতে হয়। এ বছর রোজার অনেক আগেই পানি উঠেছে। সেই পানি আর নামছে না।
গৃহবধূ জোবেদা খাতুন (৪৫) বলেন, ‘গত ১৫ দিন এক ফোঁটা পানিও সরেনি। এক রাতের বৃষ্টি হলে ১৫ দিনেও পানি সরে না।’ আরেক গৃহবধূ সাহেরা বেগম (৩৫) বলেন, ‘পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের আঙুলে পচন ধরেছে। এবার রোজায় ঠিকমতো তারাবির নামাজও পড়তে পারিনি।’
পরিস্থিতির জন্য জনপ্রতিনিধিদের দায়ী করে সেলিনা আক্তার (৪৫) বলেন, ‘আমরা কেবল ভোট দেব, কিন্তু এলাকার উন্নয়ন হবে না, এটা আর মানব না।’
চান্দপুর এলাকার বিভিন্ন বাসাবাড়ির মানুষের সঙ্গে কথা বলে মূল সড়কে আসার পর সিরাজুল ইসলামের চায়ের দোকানে কথা হয় স্থানীয় ইমতিয়াজ মিয়ার সঙ্গে। তাঁর পরামর্শ, খাল খনন করে গোমতী নদীর সঙ্গে সংযোগ করতে হবে। অন্যথায় পানি নামবে না। তাঁর কথায় সায় দিয়ে জাকির হোসেন যোগ করেন, বড় নালা না করলে এ দুর্ভোগ কমবে না। আরেকজন বলে উঠলেন, এখানে ছয় মাস পানি থাকে। ছয় মাস শুকনা থাকে।
স্থানীয় ব্যক্তিরা জানান, আগে এই এলাকায় ১৫ ফুট প্রশস্ত একটি খাল ছিল। এখন সেটি কমতে কমতে তিন ফুটে দাঁড়িয়েছে। খাল বন্ধ করে জায়গা লিজ নিয়ে মাছের ব্যবসা করছেন কেউ কেউ। অনেকে প্লটের ব্যবসা করছেন।
যোগাযোগ করা হলে আদর্শ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ওই এলাকার জলাবদ্ধতার বিষয়টি নতুন কোনো সমস্যা নয়। এটা সেখানকার মানুষেরই তৈরি। এলাকাটি এমনিতেই নিচু। তার ওপর অপরিকল্পিত বাসাবাড়ি তৈরি এবং পানিপ্রবাহের নালার মুখগুলো বন্ধ করে দেওয়ায় এ অবস্থা দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ কমানোর জন্য আমরা একটি প্রকল্প হাতে নিচ্ছি। স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’