বছরের নয় মাস ডুবে থাকে বিদ্যালয়ের মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

খেলার মাঠটি বছরের নয় মাস ডুবে থাকে পানিতে। প্রায় এক যুগ ধরে বিদ্যালয়ের মাঠটির এ অবস্থা। ফলে বিদ্যালয়ের প্রায় ৪০০ ছাত্রছাত্রীর অ্যাসেম্বলি ও খেলাধুলা বন্ধ রয়েছে। বিদ্যালয়ের পাঠদানকক্ষেই সময় কাটছে এসব শিক্ষার্থীর।

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।

৪ ডিসেম্বর সকালে গিয়ে দেখা গেছে, গ্রামীণ পাকা সড়কের পাশেই ঘনবসতিপূর্ণ গ্রামের মধ্যে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়ের দুটি ভবন থেকে কিছুটা নিচের মাঠটিতে পানি জমে তা পুকুরের রূপ নিয়েছে।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেওয়াজ উদ্দিন জলাবদ্ধতার কারণ হিসেবে জানালেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় সমতল ভূমি ছিল। সময়ের ব্যবধানে মাটি ফেলে সড়ক, বসতবাড়ি ও বিদ্যালয়সংলগ্ন ঈদগাহটি তিন-চার ফুট উঁচু করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ের মাঠটি রয়ে গেছে আগের মতোই। ফলে বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বছরের নয় মাস ডুবে থাকে পানিতে। তখন অ্যাসেম্বলি, খেলাধুলা বন্ধ থাকে। প্রায় এক যুগ ধরে এমন দুর্ভোগ সয়ে পাঠদান কার্যক্রম চলছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহুরা, মীর সাব্বির ও খালেদা খাতুন জানায়, মাঠটি পানিতে ডুবে থাকায় তারা অ্যাসেম্বলি ও খেলাধুলা করতে পারে না। শ্রেণিকক্ষেই পড়াশোনা ও অবসর কাটে। এতে খারাপ লাগে তাদের। মাঠটি দ্রুত ভরাট করার দাবি তাদের। অন্য ছাত্রছাত্রীদের একই দাবি।

স্থানীয় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য খায়রুল আলম জানান, বিদ্যালয় মাঠের মতো অবস্থা ছিল তাঁদের ঈদগাহ মাঠটির। ঈদ এলেই যন্ত্র দিয়ে পানি সেচে নামাজ পড়তেন গ্রামের লোকজন। বছর দেড়েক আগে গ্রামের মানুষের চাঁদার টাকায় ঈদগাহটি ভরাট করেছেন। কিন্তু বিদ্যালয়ের মাঠটি রয়েছে আগের মতোই। এতে গ্রামের কোমলমতি ছাত্রছাত্রীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এটা কষ্টের কারণ।

কয়েকজন অভিভাবক জানালেন, পাঠ্যসূচির জ্ঞান নয়, খেলাধুলাও শিক্ষার্থীদের মানসিকতা বিকাশের অংশ। কিন্তু বিদ্যালয়ের খেলার মাঠটি এক যুগ ধরে জলাবদ্ধ থাকায় গ্রামের শিক্ষার্থীরা সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে নজর নেই কারও।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ছাইকোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মোশারফ হোসেন জানান, বিদ্যালয়ের মাঠটির দুরবস্থা জানিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও স্থায়ী সমাধান হচ্ছে না।

ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের মাঠটি তিন-চার ফুট নিচুতে রয়েছে। মাঠটি ভরাট করতে ১ লাখ ১০ হাজার ঘনফুট মাটি দরকার হবে। এ জন্য প্রায় ১০ লাখ টাকার দরকার। কিন্তু ইউনিয়ন পরিষদের পক্ষে এত টাকা ব্যয় করার মতো তহবিল নেই।

চাটমোহর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, বিষয়টি পরিষদের সভায় আলোচনা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেন,  তিনি কর্মস্থলে নতুন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।