বছরের পর বছর একই খাবার সরবরাহকারী
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের খাবার গাড়ি, যাত্রী ফেরি ও স্টেশনের ভোজনালয়ে বছরের পর বছর একই প্রতিষ্ঠান খাবার সরবরাহ করছে। এমনকি কোনো সরবরাহকারী মারা যাওয়ার পর তাঁর উত্তরসূরি ওই কাজ পেয়েছেন। অভিযোগ রয়েছে, অনিয়মের মাধ্যমে সরবরাহকারীদের মেয়াদ বাড়ানো হয়।রেলওয়ে সূত্রে জানা গেছে, খাদ্য সরবরাহকারী (ক্যাটারার্স) নিয়োগের জন্য ২০০৩ সালে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। প্রাপ্ত আবেদনপত্রের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: নরসিংদীর হাবিব বাণিজ্য বিতান রেলওয়ে ক্যাটারার্স, কুষ্টিয়ার শহীদুল হক বিশ্বাস, কুষ্টিয়ার বিল্লাল হোসেন অ্যান্ড কোম্পানি রেলওয়ে ক্যাটারার্স, খুলনার শরীফ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্স ও ঢাকার সুরুচি ফাস্ট ফুড। ২০০৪ সালে প্রথম তিনটি প্রতিষ্ঠানকে ক্যাটারিং সার্ভিসের কাজ দেওয়া হয়।অভিযোগ রয়েছে, এই তিন প্রতিষ্ঠান বরাবরই কাজটি পেয়ে আসছে। এদের মধ্যে বিল্লাল হোসেন ও শহীদুল হক দুই ভাই। তাঁদের সঙ্গে রেলওয়ে চার বছরের চুক্তি করলেও তাঁদের মাধ্যমেই অতিরিক্ত আরও দুই বছর সার্ভিস নেওয়া হয়েছে।তালিকা নবায়ন না করেই ২০০৪ সালের তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্য থেকে ২২ সেপ্টেম্বর ক্যাটারার্স নিয়োগ দেওয়া হয়েছে। ফলে, পুরোনো তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে খুলনার শরীফ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্স ও ঢাকার সুরুচি ফাস্ট ফুড যোগ হয়েছে। সুরুচি ফাস্ট ফুডের স্বত্বাধিকারী আবদুুর রাজ্জাক নরসিংদীর হাবিব বাণিজ্য বিতান রেলওয়ে ক্যাটারার্সের স্বত্বাধিকারী হাবিবের ভাতিজা।অভিযোগ রয়েছে, রেলওয়ের অসাধু কিছু কর্মকর্তার মাধ্যমে পশ্চিমাঞ্চল রেলওয়ের খাদ্যের ঠিকাদারি কয়েকটি পরিবারের গণ্ডির ভেতর থেকে আর বের হতে পারছে না। ফলে, নতুন প্রতিষ্ঠান এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ২০০৯ সালে রেলওয়ের মহাপরিচালকের কাছে অভিযোগ করেন, অনিয়মের আশ্রয় নিয়ে ২০০৪ সালে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের নামে ইস্যুকৃত পত্রে মেয়াদ উল্লেখ করা হয়নি। এই ফাঁক গলিয়ে এক বছর করে দুই বছর মেয়াদ বাড়ানো হয়েছে। অথচ নিয়মানুযায়ী চার বছর পর আবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের তালিকা নবায়ন ও পরে দরপত্র আহ্বান করে তালিকাভুক্তদের মধ্য থেকে ক্যাটারার্স নিয়োগ করার কথা।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার বিল্লাল হোসেন অ্যান্ড কোম্পানি রেলওয়ে ক্যাটারার্সের স্বত্বাধিকারী বছর পাঁচেক আগে মারা যান। এবার তাঁর উত্তরসূরি ওই কাজ পেয়েছেন। নরসিংদীর হাবিব বাণিজ্য বিতান রেলওয়ে ক্যাটারার্সের স্বত্বাধিকারী হাবিব মারা যাওয়ার পর তাঁর উত্তরসূরিরা একইভাবে কাজ পেয়েছেন। এ ছাড়া বিল্লাল হোসেন ও শহীদুল হকের বিরুদ্ধে রেলওয়ের কামরায় অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগ থাকলে সাধারণত লাইসেন্স বাতিল হওয়ার কথা।এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আবদুল আওয়াল ভূঞা বলেন, প্রতিবার তালিকা নবায়ন করা ঝামেলার ব্যাপার, এটা করার বাধ্যবাধকতাও নেই। তিনি বলেন, লাইসেন্সধারী মারা গেলে তাঁর উত্তরাধিকারীরা ওই লাইসেন্স দিয়ে কাজ করতে পারেন। দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, শত ভাগ নিখুঁত প্রতিষ্ঠান পাওয়া যায় না। যাত্রীসেবার ক্ষেত্রে কিছুটা নির্ভরশীল হলেই তাদের কাজ দেওয়া যায়। তিনি বলেন, চার বছর পর প্রয়োজনে মেয়াদ বাড়ানো বিধান আছে।