বছরের পর বছর বিদ্যুৎ বৈষম্যে কালাইবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্র থেকে ছয়টি সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে ছয় নম্বর সঞ্চালন লাইনের আওতাধীন কালাই পৌর শহর, কালাই সদর ইউনিয়ন (আহমেদাবাদ) এবং ক্ষেতলালের বটতারা ইউনিয়নের কয়েকটি গ্রাম রয়েছে। এ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসী জানান, এই ছয় নম্বর সঞ্চালন লাইনের আওতায় কালাইয়ে ৫০ শয্যার একটি হাসপাতাল, কয়েকটি হিমাগার, ৩০০ চালকল এবং কয়েকটি মাঝারি শিল্পপ্রতিষ্ঠান থাকলেও এখানকার চেয়ে ক্ষেতলাল সদরে বেশি বিদ্যুৎ দেওয়া হচ্ছে। প্রায় এক দশক ধরে বিদ্যুৎ বিতরণে এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান আবু জাফর মো. সামছুদ্দিন আহম্মেদ কালাই এলাকায় কম বিদ্যুৎ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সমিতির কালাই সঞ্চালন লাইনটি চালু করতে বিদ্যুতের বেশি লোডের প্রয়োজন হয়, তাই ওই এলাকার গ্রাহকেরা কিছুটা কম বিদ্যুৎ পাচ্ছেন। আর ক্ষেতলাল সদরের ইটাখোলায় উপকেন্দ্র হওয়ায় সেখানে বেশি বিদ্যুৎ দিতে হচ্ছে।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইটাখোলা উপকেন্দ্র থেকে ছয়টি সঞ্চালন লাইনে সুষমভাবে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে না। বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে ইচ্ছেমাফিক। কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘প্রায় এক দশক ধরে কালাইয়ে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। অথচ পাশ্ববর্তী ক্ষেতলাল উপজেলায় সাধারণত লোডশেডিং করা হয় না।’কালাই উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ লিটন বলেন, ‘এ সঞ্চালন লাইনের আওতায় প্রায় ৩০০ চালকল, কয়েকটি হিমাগার, একটি পোলট্রি ফিড কারখানা, হ্যাচারি, ৫০ শয্যার হাসপাতাল রয়েছে। বেশি বিদ্যুৎ লাগে এমন অজুহাতে এ লাইনটি অধিকাংশ সময় বন্ধ রাখা হয়।’ইটাখোলা বিদ্যুৎ উপকেন্দ্রের কনিষ্ঠ প্রকৌশলী বলরাম চন্দ্র বলেন, ‘এ উপকেন্দ্রে আট মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ দুই মেগাওয়াট। অথচ কালাই সদর সঞ্চালন লাইনটিতে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংযোগ থাকায় তা চালু করতেই প্রয়োজন হয় কমপক্ষে আড়াই মেগাওয়াট। বরাদ্দের অভাবে ওই লাইনটিতে অনেক সময় বিদ্যুৎ দেওয়া যায় না।’ জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক পরিচালক আনিছুর রহমান বলেন, ইটাখোলা উপকেন্দ্রের কনিষ্ঠ প্রকৌশলীর বিদ্যুৎ বিতরণে স্বেচ্ছাচারিতার বিষয়টি গত বোর্ডসভাতেও আলোচনা হয়েছে। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।’