বছরের প্রথম কার্যদিবসেই যথাসময়ে উপস্থিতি নেই
২০১৬ সালের প্রথম কার্যদিবস ছিল গতকাল রোববার। এদিন সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে দুই ঘণ্টা অবস্থান করে দেখা যায়, বেশির ভাগ কর্মকর্তা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, এটা অনেকটাই সত্য। ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হবে।
৯.৩০: সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক আবদুল মজিদ বারান্দায় বসে পত্রিকা পড়ছেন। কর্মকর্তা বি এম নজরুল হুদার কক্ষে তালা ঝুলছে। পাশে যুব উন্নয়ন দপ্তরের কক্ষ খোলা থাকলেও ১০টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা আসেননি। পাশে পরিসংখ্যান কর্মকর্তার কক্ষসহ অন্যান্য কক্ষে তালা ঝুলছিল। তালাবদ্ধ কক্ষের ছবি তোলার সময় সমবায় দপ্তরের আবদুল মজিদ দ্রুত তাঁর কর্মকর্তার কক্ষের তালা খুলতে যান। তিনি বলেন, ‘স্যার আসবেন। তবে কখন আসবেন বলতে পারছি না।’
৯.৪০: উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডলকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর দাবি, ‘সকাল নয়টায় অফিসে এসে কাজ করছি।’
৯.৪৫: মৎস্য দপ্তরের সব কক্ষ খোলা, তবে কেউ নেই। পাশে থাকা কর্মচারী কোরবান আলী বলেন, মৎস্য কর্মকর্তা অন্যত্র বদলি হয়েছেন। রাজবাড়ী সদরের কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন। সময় পেলে তিনি আসেন।
৯.৫০: সমাজসেবা দপ্তরের সব কক্ষ খোলা দেখা যায়। কিন্তু কর্মকর্তা ছিলেন না। অফিস সহায়ক জামাল উদ্দিন বলেন, ‘স্যার পথে আছেন।’ তবে সকাল ১০টা ৫০ মিনিটেও তিনি আসেননি।
৯.৫০: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সব কক্ষ খোলা, কিন্তু কর্মকর্তা নেই। পাশের কক্ষে থাকা অফিস সহকারী নাসির উদ্দিন বলেন, ‘স্যার অফিসের কাজে রাজবাড়ী গেছেন।’ পাশেই উপজেলা প্রকৌশলীর দপ্তর। সেখানকার সব কক্ষ খোলা, কিন্তু কোনো কর্মকর্তাও নেই। পিয়ন আশরাফ আলী বলেন, সবাই আসবেন। তবে বেলা পৌনে ১১টা পর্যন্ত উপজেলা প্রকৌশলী আসেননি। ১০টা ৫২ মিনিটে তিনি দপ্তরে এসে বলেন, ব্যাংকে জরুরি কাজ ছিল, তাই দেরি হয়েছে।
১০.০০: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কক্ষ খোলা, কিন্তু তিনি নেই। অফিস সহায়ক মজিবর রহমান বলেন, ‘স্যার ফরিদপুর থেকে বাসে রওনা হয়েছেন।’ তবে সকাল ১০টা ৫৫ মিনিটেও তিনি কর্মস্থলে পৌঁছাননি। পাশেই প্রাথমিক শিক্ষা দপ্তর। সব কক্ষ খোলা থাকলেও শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার কেউ নেই। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক শামসুল হক বলেন, ‘স্যাররা বাসায় আছেন, একটু পরই আসবেন।’ তবে সকাল ১০টা ৫০ মিনিটে তাঁদের কার্যালয়ে দেখা যায়নি।
১০.১০: উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তরের কক্ষ খুলে বসে আছেন কর্মচারী শানাল ফকির। তিনি বলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সম্প্রতি অবসরে যাওয়ায় রাজবাড়ী সদরের কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি মাঝেমধ্যে আসেন। ১০টা ১৭ মিনিটে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কক্ষ খোলা ছিল। কিন্তু তিনি ছিলেন না। অফিস সহায়ক এনামুল আমিন বলেন, ‘স্যার রাজবাড়ীতে মিটিংয়ে গেছেন।’
১০.২০: উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় তালাবদ্ধ। আনসার কমান্ডার কাজী রফিক বলেন, ‘বেলা ১১-১২টার দিকে স্যার আসেন।’ ১০টা ২০ মিনিটে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তাকে কার্যালয়ে পাওয়া যায়। পৌনে ১০টার দিকে কার্যালয়ে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়েছে।’ ১০টা ২৫ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় খোলা থাকলেও কর্মকর্তা ছিলেন না। পাশে ভেটেরিনারি সার্জনের কক্ষ তালাবদ্ধ ছিল। ভেটেরিনারি মাঠ সহকারী আবুল বাশার বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন। কিছুক্ষণ আগে বাইরে গেছেন। ভেটেরিনারি সার্জন পলাশ কান্তি দত্ত মুঠোফোনে বলেন, ‘আমি কালুখালীতে সরকারি কর্মসূচিতে আছি।’
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান বলেন, ‘বিষয়টি আমি জানি না। এ রকম ঘটে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মাসিক উন্নয়ন সভায় বিষয়টি উত্থাপন করে সবাইকে সতর্ক করা হবে।’