বছরের প্রথম ছয় মাসে আয় ও মুনাফা বেড়েছে গ্রামীনফোনের

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ১২৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করেছে। রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে আজ সোমবার বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, গ্রামীণফোনের ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) প্রতিটি শেয়ারের বিপরীতে ১২ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন শেয়ারধারীরা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিক হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ১২ টাকা ৭৪ পয়সা। ঘোষিত অর্ন্তবর্তীকালীন লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট। এই লভ্যাংশ ২০১৮ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের কর পরবর্তী মুনাফার ৯৮ শতাংশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের আয় হয়েছে ৬ হাজার ৩৮০ কোটি টাকা, যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ৩ হাজার ২৬০ কোটি টাকা, যা এ বছরের প্রথম প্রান্তিকে ছিল ৩ হাজার ১২০ কোটি টাকা। এ বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি কর পরবর্তী মুনাফা করেছে ১ হাজার ৭২০ কোটি টাকা।
ইন্টারনেট ডেটা থেকে ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ৬১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৫১০ কোটি টাকা। এ বছরের প্রথম ছয় মাসে শুধু ডেটা থেকে গ্রামীণফোনের আয় বেড়েছে ২১ শতাংশ। আর এ বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ।
এ বছরের প্রথম ছয় মাসে নেটওয়ার্ক সম্প্রসারণে গ্রামীণফোন ২ হাজার ৫৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ সময় আয় কর, মূল্য সংযোজন কর, শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে প্রতিষ্ঠানটি সরকারকে দিয়েছে ৪ হাজার ৭৯০ কোটি টাকা। এই অর্থ অপারেটরটির মোট আয়ের আয়ের ৭৪ দশমিক ৭ শতাংশ।
এ বছরের জুন পর্যন্ত গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯২ লাখ, এর মধ্যে ৩ কোটি ৪৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। গত প্রান্তিক থেকে অনুসৃত নতুন হিসাব পদ্ধিত ব্যবহার করা শুরু করেছে অপারেটরটি, এতে গত বছরের তুলনায় রাচস্ব বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি বলেন, বিরূপ আবহাওয়া ও তীব্র প্রতিযোগিতার কারণে ২০১৮ এর প্রথমার্ধ ছিল খুবই কঠিন। তবুও ভালো প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। তিনি আরও বলেন, গ্রামীণফোন ইতিমধ্যে ২০ লাখ ৪জি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে। গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে নেটওয়ার্ক বিস্তার ও আধুনিকায়নের কাজ পরিকল্পনামাফিক এগিয়ে চলছে।