বছরের প্রথম দিনেই নতুন বই, আনন্দে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় পৌনে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের নতুন বই তুলে দিতে গতকাল মঙ্গলবার পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল সকালে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। তিনি নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এদিকে গতকাল জেলার প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে কর্মসূচি নেওয়া হয়। নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। নান্দাইল পৌর শহরের আল আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল হামিদ মিয়া। এ ছাড়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় গিয়ে বই বিতরণ করেন। খাগড়াছড়ি: খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলায় দ্বিতীয় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক সাথোয়াই অং মারমা। নিকলী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল সকালে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয়েছে। উপজেলা সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবীবুর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩৮টি সরকারি, ১৯টি বেসরকারি, ১৩টি কিন্ডারগার্টেন এবং এনজিওচালিত ও ভাসমান ১০ বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক দেওয়া হবে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল সকালে বিনা মূল্যের নতুন বই দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা জানান, বই বিতরণ উপলক্ষে উপজেলা সদরে বেগম ইকবাল জাকির হোসেন একাডেমি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থীকে বই দেওয়া হয়। দেবীদ্বার (কুমিল্লা): কুমিল্লার দেবীদ্বার এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে গতকাল দুপুরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নতুন বই দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সাংসদ ও সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিতসংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা এই কার্যক্রমের উদ্বোধন করেন। মৌলভীবাজার: জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ। জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৮৬টি উচ্চবিদ্যালয়, ৭১টি মাদ্রাসা ও কারিগরি এবং ৪০টি স্বতন্ত্র ইবতেদায়ি বিদ্যালয়ে প্রায় ১৫ লাখ এবং জেলার এক হাজার ৮৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ লাখ ১২ হাজার ৪৮২টি পাঠ্যবই বিতরণ করা হবে। কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল বেলা তিনটায় বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ। উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর প্রাথমিক স্তরে দুই লাখ ৩৭ হাজার ৯০০ এবং মাধ্যমিক স্তরে এক লাখ ৬৯ হাজার ৭৯৫টি বই বিতরণ করা হয়। জামালপুর: জামালপুর শহরের বানিয়া বাজার উচ্চবিদ্যালয়ে গতকাল বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কবির আল আসাদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সারা জেলায় এক হাজার ১৩টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৯ লাখ ৪৭ হাজার এবং ৫২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ২৬ লাখ ৭৩ হাজার ৪৩৭টি বই বিতরণ করা হয়। নবাবগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল বিকেলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। এর আগে তিনি দোহারের মুকসুদপুর ও জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়সহ পাঁচটি প্রতিষ্ঠানে বই বিতরণ করেন।