বছরের প্রথম পাঁচ মাসে বিচারবহির্ভূত হত্যা ৯৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকার বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৯৫ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ৭৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মে মাসের মানবাধিকার প্রতিবেদনে অধিকার এসব তথ্য তুলে ধরেছে। এতে বলা হয়েছে, গত মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৮ জন। আর গত পাঁচ মাসের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৩২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন।
প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে নিহত হওয়া ১৮ জনের মধ্যে ১০ জনকে ‘অপরাধী’ ও পাঁচজনকে ‘মানব পাচারকারী’ হিসেবে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকি তিনজনের একজন মোটর গ্যারেজের মালিক, একজন বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী এবং একজনের পরিচয় জানা যায়নি। সংগঠনটি বলছে, মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ার আগেই রাষ্ট্রীয় বাহিনী বিনা বিচারে তাঁদের হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে এবং নেপথ্যের মূল পাচারকারীদের সন্ধান পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অধিকারের মানবাধিকার প্রতিবেদন বলছে, আশঙ্কাজনক হারে দেশে ধর্ষণের সংখ্যা বেড়েছে। বছরের প্রথম পাঁচ মাসে ২৩৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৭৫টি ঘটেছে গত মাসে। এই ৭৫ জনের মধ্যে ৪৯ জনই শিশু। এ ছাড়া প্রথম পাঁচ মাসে আরও ৬২ জন যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক নারী যৌন আক্রমণের শিকার হন, যার প্রকৃত সংখ্যা নির্ণয় করতে না পারায় এ পরিসংখ্যানের অন্তর্ভুক্ত করেনি অধিকার।
রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকায় উদ্বেগ জানিয়ে অধিকার বলছে, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১৩৭ জন নিহত ও ৩ হাজার ৭৮৩ জন আহত হয়েছেন।