বছরের শীর্ষ ১০ ভিডিও
এ বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রথম আলোর ইউটিউব সাইটে ৯৬৩টি ভিডিও তোলা হয়েছিল। ইউটিউবের হিসাবে, এ সময়ে ভিডিওগুলো দেখা হয়েছে ১ কোটি ৩৪ লাখেরও বেশি বার। সময় হিসাব করলে তা ২ কোটি ২৫ লাখ ৩৩ হাজার মিনিটেরও বেশি।
প্রথম আলোর ইউটিউব সাইটে আলোচিত ১০ ভিডিও:
১০. সিসিটিভি ফুটেজে অপহরণস্থলে পুলিশের গাড়ি
১৫ অক্টোবর। সময় দিবাগত রাত ৩টা ১০। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রয়েল কোচ নামে একটি বাস সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ধানমন্ডি ১ নম্বর রোডের কাছে এসে থামে। স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা কর্মকর্তা মুহাম্মদ ইকবাল মাহমুদ ওই বাস থেকে নেমে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে সাত-আটজন তাঁকে ঘিরে ধরে এবং খুব দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। মাইক্রোবাসের পেছনে পুলিশের একটি পিকআপ ভ্যানও যেতে দেখা যায়। সংগৃহীত ওই ভিডিও ইউটিউবে ওঠানো হয় ১৮ নভেম্বর। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৭৩ হাজার বার।
০৯. এ কোন বর্বরতা
নোয়াখালীর হাতিয়ায় চাঁদা না পেয়ে এক নারীকে প্রকাশ্যে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়েছেন মো. শাহজাহান নামের এক ব্যক্তি। পেটানোর একপর্যায়ে ওই নারী রাস্তার পাশের গর্তে পড়ে গেলেও নিস্তার মেলেনি তাঁর। এলাকার লোকজনের কাছে থানার ‘দালাল’ হিসেবে পরিচিত শাহজাহান। ভিডিওটি ইউটিউবে তোলা হয় ১৬ এপ্রিল। এ পর্যন্ত এটি দেখা হয়েছে ৮৪ হাজার বার।
০৮. এটিএম জালিয়াতি
রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি তিনটি ব্যাংকের চারটি এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে জালিয়াতির ঘটনা ঘটে। জালিয়াতির ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রথম আলোর ইউটিউব সাইটে তোলা হয় ১৬ ফেব্রুয়ারি। এ পর্যন্ত এটি দেখা হয়েছে ১ লাখ ৪ হাজার বার।
০৭. অধিনায়ক ও নায়কেরা
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি তথ্যচিত্র ‘অধিনায়ক ও নায়কেরা’ ইউটিউবে তোলা হয় ১৬ নভেম্বর। মাত্র দেড় মাসে ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ১০ হাজার বারেরও বেশি। সময়ের হিসেবে তা প্রায় পাঁচ লাখ মিনিট।
০৬. বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধে ছাত্র খুন
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হন। ওই সংঘর্ষের সিসিটিভি ফুটেজ ইউটিউবে তোলা হয় ৩০ মার্চ। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে এক লাখ ১৭ হাজার ৫০০ বারেরও বেশি।
০৫. মন্ত্রীর দিকে তেড়ে গেলেন সাংসদ
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের দিকে সাংসদ আফসারুল আমিনের তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে ভিডিওটি তোলা হয় ২৭ এপ্রিল। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয় ১ লাখ ৩২ হাজার বার। সময়ের হিসেবে তা চার লাখ ৪২ হাজার মিনিট।
০৪. স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা দেখা গেল সিসি ক্যামেরায়
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও সংগ্রহ করে প্রথম আলোর ইউটিউব সাইটে তোলা হয় এ বছরের ২৭ ফেব্রুয়ারি। ভিডিওটা দেখা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৩৮ বার। সময়ের হিসেবে সেটা পাঁচ লাখ মিনিটেরও বেশি।
০৩. যৌথ বাহিনীর অভিযান
রাজধানীর হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার পর যৌথ বাহিনীর অভিযান শুরু হলে ভিডিওটি ধারণ করা হয়। এটি ইউটিউবে তোলা হয় ১ জুলাই। এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২ লাখ ৬৭ হাজার বারেরও বেশি। সময়ের হিসেবে সেটা ২ লাখ ৯৫ হাজার মিনিট।
০২. লাখ টাকার বাঘাআইড়!
বগুড়ায় মাছের মেলায় লাখ টাকার বাঘাআইড় নিয়ে ভিডিও প্রতিবেদনটি প্রথম আলোর ইউটিউব চ্যানেলে তোলা হয় ১০ ফেব্রুয়ারি। ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ৩ লাখ ৬০ হাজার বার।
০১. মেরিল প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কারের চারটি ভিডিও দেখার শীর্ষে রয়েছে। এ চারটি ভিডিও যথাক্রমে ২০ লাখ, প্রায় ১৯ লাখ, নয় লাখ ও পাঁচ লাখ বার করে দেখা হয়েছে।
সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইল
ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে
সিনার লগে বান্দি রাইক্কুম তোয়ারে
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫