বছরের শুরুতে পেট ভরে খেল তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন কথা বলা হয়—বছরের প্রথম দিন যেমন যাবে, বাকি দিনগুলোও নাকি তেমন কাটবে। তাদের ক্ষেত্রে তেমনটা হবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। তবে বেশ আনন্দ নিয়ে বছরের শুরুর দিনেই পেট ভরে খাবার খেল তারা। তাদের জন্য এ খাওয়ার আয়োজন করেছেন উত্তরার স্বপন তালুকদার এবং তাঁর বন্ধুরা। কোনো সংগঠন নয়, নেই কোনো ব্যানার। কয়েকজন মিলেই আজমপুরে গত রোববার পয়লা জানুয়ারি সন্ধ্যায় পথশিশুদের জন্য এক বেলা খাবারের আয়োজন করা হয়।

তাদের কেউ সারা দিন কাঁধে চটের বস্তা নিয়ে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, অলিগলিতে। সংগ্রহ করে প্লাস্টিকের বোতল, লোহার টুকরো, ভাঙা অংশ—হাতের কাছে যা পাওয়া যায় তাই। কেউ কুলি-মুটের কাজ করে। কোনো দিন ভাত জোটে কোনো দিন হয়তো এক বেলা উপোস। নতুন বছরের প্রথম দিনটিতে বিকেলে আজমপুর বাসস্ট্যান্ডসংলগ্ন বিজিবি মার্কেটে গিয়ে দেখা যায়, জড়ো হয়েছে এসব পথশিশু। পাশেই কয়েকটি পাতিলে চড়ানো হয়েছে রান্না। পোলাও-গোশত রান্না হচ্ছে সেখানে। তাদের এক বেলা পেট ভরে খাওয়াতেই এ আয়োজন। সন্ধ্যা সাতটার দিকে শেষ হলো রান্নাবান্না। এবার খাবার গ্রহণের পালা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল সবাই। একে একে খাবার হাতে নিল। পেট ভরে খেল।

শিশুদের একজনের নাম শিপন। বিমানবন্দর রেলস্টেশনে থাকে সে। বন্ধুদের কাছে শুনে সে এসেছে এখানে। তার কেমন লাগছে জানতে চাইলে সে বলে, ‘আইজ ভালো খাওন খাইলাম। মেলা ভালো লাগতাসে।’

আয়োজকদের একজন স্বপন তালুকদার বলেন, ‘একদিন জসীমউদ্‌দীন মোড়ে এক কেজি ভাত আর দুটি পেঁয়াজ মরিচ নিয়ে ৮-১০টি শিশুকে ভাগাভাগি করে খেতে দেখি। তখন থেকেই তাদের অন্তত এক বেলা পেট ভরে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করছিলাম। ভাবছি প্রতি মাসের প্রথম দিনে শহরের বিভিন্ন এলাকায় এ রকম আয়োজন করব।’ তিনি জানালেন, বছরের প্রথম দিনে প্রায় ১৫০ জন পথশিশুর জন্য এই খাবারের আয়োজন করা হয়।