বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বইয়ের গন্ধে ও বই নিতে আসা শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে জেলার বিদ্যালয়গুলো। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: জেলার ৯৪১টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ আগে থেকেই শুরু হয়েছে। নতুন বই পেয়ে কেমন লাগছে জানতে চাইলে বরগুনা জেলা স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র অয়ন বলে, ‘খুব ভালো। নতুন বই আমার খুব পছন্দ।’বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হাওলাদার বলেন, উপকূলীয় জেলা বরগুনায় নানা প্রতিকূলতার মধ্যেও প্রাথমিক শিক্ষা কার্যক্রম সফলভাবে এগিয়ে চলেছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর এই সফলতা প্রাথমিক শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক অর্জন। মাদারীপুর: সকালে মাদারীপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় মাদারীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে উৎসবের শুরু হয়। বেলা সাড়ে ১১টায় ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দিনের সভাপতিত্বে বই উৎসবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। উভয় উৎসবের উদ্বোধন ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক নূর-উর-রহমান।রাজবাড়ী: সকালে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিষ্ণু রঞ্জন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন খান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন প্রমুখ।