বছরের শুরুতেই শিক্ষায় হোঁচট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবর্ষের শুরুতেই রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে ক্লাসই শুরু করা যাচ্ছে না। নতুন বই দেওয়ার পর বিদ্যালয়গুলো খোলা রেখে ক্লাস নেওয়ার চেষ্টা করা হলেও আতঙ্কের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম।
বর্তমানে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট শিক্ষার্থী প্রায় ৪ কোটি ৪৪ লাখ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আরও অন্তত ২৫ লাখ শিক্ষার্থী পড়েছেন একই সমস্যায়। এর মধ্যে ২১ লাখ শিক্ষার্থীই জাতীয় বিশ্ববিদ্যালের অধীন কলেজগুলোতে পড়াশোনা করছেন।
এবার বছরের শুরুর দিনেই জামায়াতে ইসলামী হরতাল ডাকে। এর মধ্যেও ১ জানুয়ারি সারা দেশে উৎসব করে বিনা মূল্যে পাঠ্যবই দেওয়া হয়। পরদিন ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। মাঝে শনিবার বিদ্যালয়গুলো খোলা থাকলেও ওই দিনও ছিল ছুটির আবহ। কারণ, পরদিন ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)–এর ছুটি। কিন্তু ৫ জানুয়ারি সামনে রেখে বিএনপির কর্মসূচিকে ঘিরে ওই দিন থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ৫ জানুয়ারি কার্যত সরকারই অবরোধ পালন করে। এর মধ্যে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কিছু ক্লাস হচ্ছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, যে কতজন শিক্ষার্থী আসছে, তাদের নিয়েই ক্লাস হচ্ছে।
রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুলেও খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। মোহাম্মদপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জানান, তাঁরা বিদ্যালয় খোলা রেখে ক্লাস নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ও খোলা ছিল। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।
তবে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতিতেও সমস্যা হচ্ছে। স্কুল-কোচিংয়ে যেতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও বিদ্যালয়গুলোতে ভর্তির কাজও ব্যাহত হচ্ছে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, দেশে-শুনে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো শুধু মুখে মুখেই নতুন প্রজন্মের কথা বলে। বাস্তবে নতুন প্রজন্মের কথা তারা ভাবে না। রাজনৈতিক নেতাদের উচিত সমঝোতা করে দেশটাকে ভালো রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া।