বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে কক্সবাজার সৈকতে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুয়াকাটা সৈকতে দাঁড়িয়ে এই বছরের (২০০৯) প্রথম সূর্যকে গ্রহণ করেছিলাম। আজ (গতকাল বৃহস্পতিবার) বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানালাম।’ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে দাঁড়িয়ে কথাগুলো বললেন ফরিদপুরের বোয়ালমারী থেকে আসা গৃহবধূ শেফালী রানী পাল (৩৪)। সঙ্গে তাঁর স্বামী ও সাত মাস বয়সের শিশু।গতকাল সন্ধ্যা পর্যন্ত সৈকতে শেফালীর মতো হাজারো পর্যটককে বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে দেখা গেছে। অনেকেই ব্যস্ত ছিল অস্তাচল সূর্যকে হাতের মুঠোয় নিয়ে ছবি তুলতে। ভ্রাম্যমাণ আলোকচিত্রীরাও ছিলেন মহাব্যস্ত।আলোকচিত্রী মো. শাহ আলম (২৩) জানান, ‘বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আড়াই ঘণ্টায় প্রায় ৩০০ ছবি তুলেছি। এর মধ্যে প্রায় ২০০ ছবি সূর্যকে নিয়ে তোলা।’সৈকত ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী জানান, গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত তিন শতাধিক ভ্রাম্যমাণ আলোকচিত্রী পর্যটকদের ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন।বছরের শেষ দিন উপলক্ষে গতকাল সৈকতে ছিল উত্সবের আমেজ। বিকেল চারটায় সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, কয়েক হাজার পর্যটক কোমরপানিতে নেমে গোসল করছে। কেউ লোনাপানি ছিটিয়ে একে অপরকে ভিজিয়ে দিচ্ছে; কেউ আবার বালুচরে দৌড়ঝাঁপ দিয়ে হ্যান্ডবল, ফুলটবল ও কানামাছি খেলছে; কেউ মনের আনন্দে ছবি তুলছে। অনেকে স্পিডবোটে ঘুরে বেড়াতে ব্যস্ত ছিল।ঢাকার ফরাশগঞ্জ থেকে ভ্রমণে আসা পর্যটক সরওয়ার কামাল (৪৫) বলেন, ‘নানা সংকটের মধ্যেও আমার এই বছরটা ভালো কেটেছে। আগামী বছরটা (২০১০) সবার ভালো কাটবে আশা করছি। কাল (আজ ১ জানুয়ারি) বছরের প্রথম সূর্যটাকে স্বাগত জানিয়ে বাড়ি ফিরে যাব।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন জাহান (২৩) বলেন, ‘আগামী বছর সংঘাত, হানাহানিমুক্ত, শান্তির বাংলাদেশ প্রত্যাশা করছি।’হোটেল, মোটেল, গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, কক্সবাজারে বর্তমানে ৮০ হাজারের বেশি পর্যটক অবস্থান করছে। এ কারণে শহর ও সাগরপারের আড়াই শতাধিক হোটেল, মোটেল, কটেজ, বাংলোর কোথাও কক্ষ খালি নেই। ৫ জানুয়ারি পর্যন্ত এই ভিড় থাকবে।কঠোর নিরাপত্তাসৈকতে ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্যাপন নিয়ে জেলা পুলিশ গতকাল সকাল থেকেই মহাব্যস্ত।পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্পটে পুলিশের ১০টি ভ্রাম্যমাণ টহল দল ও আটটি স্থানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।