বছরের শেষ সূর্যাস্তে মুখরিত সৈকত
২০১১ সালের শেষ দিন। বছরের শেষ সূর্যাস্ত। সৈকতে দাঁড়িয়ে সেই সূর্যাস্ত দেখা আর দিনটিকে বিদায় জানাতে গতকাল শনিবার হাজারো মানুষের ঢল নেমেছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। দেশি-বিদেশি পর্যটকে মুখরিত হয়ে ওঠে সৈকতের লাবণী পয়েন্ট। সন্ধ্যা পাঁচটা ২০ মিনিটে লাল আভা ছড়িয়ে সূর্য অদৃশ্য হওয়ার সময় হাজারো মানুষ হাত তুলে ‘বিদায় বিদায়’ আওয়াজ তোলে। এর আগে প্রায়ই সবাই মেতে ওঠে বছরের শেষ মুহূর্তের সূর্যের আলো হাতের মুঠোই নিয়ে ছবি তুলতে। বছরের শেষ দিনটিকে বিদায় জানাতে স্ত্রীকে নিয়ে সৈকতে এসেছিলেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের আইনজীবী ইব্রাহিম কুতুবী। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এত মানুষের সঙ্গে বছরের শেষ সূর্যাস্ত দেখার সঙ্গে সঙ্গে দিনটিকে বিদায় জানাতে পেরে খুশি হলাম। রোববার ভোরে পাহাড়ের চূড়ায় উঠে নতুন বছরের প্রথম সূর্যকে বরণ করে চট্টগ্রাম ফিরে যাব।’ বেলা ১১টায় লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, হাজারো পর্যটক সমুদ্রে গোসলে ব্যস্ত। কেউ বালুচরে গড়াগড়ি করছে। কেউ ফুটবল খেলে উল্লাস করছে। বিকেল চারটার পর থেকে দলে দলে লোকজন সৈকতে সমবেত হতে থাকে। বিপুলসংখ্যক পর্যটককে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। কক্সবাজার হোটেল মোটেল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল আবছার জানান, ‘থার্টি ফাস্ট নাইট উৎসবে যোগ দিতে কক্সবাজারে এক লাখের বেশি মানুষ হাজির হয়। শহরের চার শতাধিক হোটেল- মোটেল-গেস্টহাউস কোথাও জায়গা নেই।’