বছিলায় উন্নয়নের ছোঁয়া

বছিলা দক্ষিণপাড়া এলাকার ভেতরের সড়কে পানিনিষ্কাশন নালা তৈরি ও সড়ক সংস্কারের কাজ চলছে। শহীদ বুদ্ধিজীবী সেতুর নিচ দিয়ে বছিলায় প্রবেশের ভাঙাচোরা প্রধান সড়কটিও সংস্কার শুরু হয়েছে। এলাকার সড়কগুলোতে লাগানো হয়েছে সড়কবাতি। নির্মাণ করা হয়েছে নতুন ময়লা রাখার একটি জায়গা বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)।
মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী সেতুর (বছিলা ব্রিজ) নিচের এলাকাটি বছিলা নামে পরিচিত। বছিলা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ডিএনসিসির পক্ষ থেকে নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা বছিলায় সড়কবাতির খুঁটি ও নতুন বাতি লাগানো, সড়কে পানিনিষ্কাশনের নালা তৈরি ও সড়ক সংস্কার, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা ফেলার জন্য এসটিএস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান প্রথম আলোকে বলেন, বছিলা এলাকাটি দিন দিন ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে। এখানে আগে কখনো সড়কবাতি ছিল না। বাতিগুলো লাগানোয় সন্ধ্যার পরে অপরাধের মাত্রা কমছে। পানিনিষ্কাশনের নালা ও সড়ক সংস্কার করা হচ্ছে। বছিলাকে নিয়ে পৃথক একটি থানার জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে।
বছিলার দক্ষিণপাড়া এলাকার ভেতরের সড়কে পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। গত জুলাই মাসে দক্ষিণপাড়া এলাকার ২৪০ মিটার সড়কে পানিনিষ্কাশনের নালা তৈরির কাজ শুরু করেছে ডিএনসিসি। গতকাল শনিবার দেখা যায়, সড়কে ইতিমধ্যে পানিনিষ্কাশনের নালা বসিয়ে ঢালাই দেওয়া হয়েছে।
বছিলায় প্রবেশের প্রধান সড়কটি ছিল ভাঙা। সড়কটি সংস্কারে পদক্ষেপ নেওয়ার জন্য বছিলা এলাকার লোকজন গত বছর ওয়ার্ড কাউন্সিলরকে একটি স্মারকলিপি দেন। ডিএনসিসি পক্ষ থেকে গত জুলাই মাসে ৩০০ মিটার সড়ক সংস্কার করা শুরু হয়েছে। পানিনিষ্কাশনের নালা ও সড়ক সংস্কার বাবদ প্রায় এক কোটি টাকা বরাদ্দ করেছে ডিএনসিসি।
বছিলা এলাকার সড়কগুলোতে কোনো সড়কবাতি না থাকায় সন্ধ্যার পরপরই অন্ধকারে ডুবে যেত পুরো এলাকা। এই অবস্থা থেকে উত্তরণে গত ৮ মে ডিএনসিসি পুরো বছিলা এলাকায় ২৬৫টি সড়কবাতি লাগিয়েছে। বেড়িবাঁধ তিন রাস্তার মোড় থেকে বছিলা ব্রিজ পর্যন্ত ৬৫টি (খুঁটিসহ) সোডিয়াম বাতি ও বছিলায় ২০০টি নতুন (খুঁটিসহ) সড়কবাতি বসানো হয়েছে।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কবাতি বসায় এলাকায় যাতায়াতে সুবিধা হয়েছে। সন্ধ্যার পরে গলির ভেতর আলোকিত হওয়ায় এলাকার নিরাপত্তাও বেড়েছে। তবে কয়েক মাস না যেতেই বেশ কিছু সড়কবাতি নষ্ট হয়ে গেছে।
বুদ্ধিজীবী সেতুর নিচে বছিলায় প্রবেশমুখেই ময়লা রাখার জায়গা বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করেছে ডিএনসিসি। জানা গেছে, ২৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রায় ২ হাজার ৪০০ বর্গফুট আয়তনের এই এসটিএসের নির্মাণকাজ শেষ হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন হলে এলাকার বাসাবাড়ির ময়লা-আবর্জনা এখানে রাখা হবে।
শহীদ বুদ্ধিজীবী সেতু বা তৃতীয় বুড়িগঙ্গা সেতুটি কেরানীগঞ্জের সঙ্গে মোহাম্মদপুরের সরাসরি সংযোগ করেছে। প্রতিদিন হাজারো যাত্রী এই সেতু ব্যবহার করে থাকে। সেতুটির নষ্ট বাতি বিষয়ে গত ১৪ জুন প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবেদন প্রকাশের পরেই নতুন বাতি ও বৈদ্যুতিক সংযোগের তার লাগিয়েছে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর। তবে বাতিগুলো এখনো জ্বলে না। জানতে চাইলে সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, নতুন বাতি ও তার লাগানো হয়েছে। দু-এক দিনের মধ্যে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।