বজরঙ্গি ভাইজান জামাল জামিন পেলেন একটি মামলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল ইবনে মুসা। ছবি: প্রথম আলো
জামাল ইবনে মুসা। ছবি: প্রথম আলো

দিল্লি থেকে অপহরণের পর পাচার করে বাংলাদেশে আনা শিশু সনুর কথিত আশ্রয়দাতা হাসি বেগমের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন সনুর মা-বাবাকে খুঁজে বের করা বাংলাদেশি বজরঙ্গি ভাইজানখ্যাত বরগুনার জামাল ইবনে মুসা। আজ মঙ্গলবার দুপুরে তিনি ও তাঁর ছেলেসহ ওই মামলার ছয় আসামি বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হলে বিচারক তাঁদের সবাইকে জামিন দেন।
বেতাগী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (বরগুনা সদরে বসেন) জামাল ইবনে মুসা, ছেলে ফেরদৌসসহ ছয় আসামি হাজির হলে বিচারক আবুল কালাম আজাদ তাঁদের জামিন দেন। মামলার ১ নম্বর আসামি জামাল ইবনে মুসার শ্যালক জাহাঙ্গীর হোসেনকে মামলার অভিযোগপত্র দেওয়া সময়সীমা পর্যন্ত এবং জামাল মুসাসহ অন্য পাঁচ আসামিকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। এ মামলার অপর এক আসামি আগেই জামিনে আছেন।

শিশু সনুকে মা-বাবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় ভারতীয় গণমাধ্যম মুসাকে ‘বজরঙ্গি ভাইজান’ আখ্যা দিয়েছে। এ নিয়ে গত ৩০ মে প্রথম আলোতে ‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’ শিরোনামে খবর ছাপা হয়।
এ বছরের ২৯ মে জামাল ইবনে মুসাসহ সাতজনের বিরুদ্ধে বেতাগী থানায় মামলাটি করেন সনুকে পাচার করে আনার পর কথিত আশ্রয়দাতা হাসি বেগম। এতে জামাল ইবনে মুসা, ছেলে ফেরদৌস, দুই শ্যালক জাহাঙ্গীর খলিফা ও নান্না খলিফাসহ সাতজনকে আসামি করা হয়। মামলায় হাসি বেগম অভিযোগ করেন, গত ১১ এপ্রিল সকাল আসামিরা পূর্বশত্রুতার জের ধরে তাঁর (হাসি) বাড়িতে ঢুকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে তিনি (হাসি) মাথায় আঘাত পেয়ে আহত হন। এ ছাড়া বাড়ির মালামাল লুটপাট ও হাসি বেগমের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।

জামাল ইবনে মুসার আইনজীবী গোলাম সাজ্জাত মিসকাত প্রথম আলোকে বলেন, ‘দিল্লি থেকে পাচার করে আনা শিশু সনুর মা-বাবার সন্ধান বের করায় ক্ষিপ্ত হয়ে হাসি বেগম এই মিথ্যা মামলা করেছেন। মামলার বিবরণে ঘটনার তারিখ দেখানো হয়েছে প্রায় দেড় মাস আগে, সেখানে কী করে দেড় মাস পরে মেডিকেল প্রতিবেদন ছাড়া এ মামলা (হত্যার উদ্দেশ্যে হামলা) করেছেন তা আমাদের বোধগম্য নয়।’

এ ব্যাপারে জামাল ইবনে মুসা বলেন, ‘হাসি বেগমের হয়রানিমূলক মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে আদালতে হাজির হয়ে জামিন চেয়েছি। বিচারক জামিন দিয়েছেন। আশা করি, হয়রানিমূলক এ মামলা থেকে পুলিশ প্রতিবেদনেও আমাদের মুক্তি দেওয়া হবে।’

জামাল ইবনে মুসা আরও বলেন, ‘ভারত থেকে এসে যশোরে কিশোর আশ্রয়কেন্দ্রে গিয়ে সনুর সঙ্গে দেখা করেছি। এরপর সেখানকার কর্মকর্তাদের কাছে সনুর মা-বাবার ছবি, পরিচয়পত্র, সনু হারিয়ে যাওয়ার পর দিল্লির সীমাপুরি থানায় করা জিডির কপি, ওই সময়ে দিল্লি স্থানীয় কয়েকটি সংবাদপত্রে সনু অপহরণ হওয়া-সংক্রান্ত কয়েকটি সংবাদের কপিসহ বিভিন্ন তথ্য-প্রমাণ জমা দিই। এরই মধ্যে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থাকা সনু ও দিল্লিতে তার মা-বাবার রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা নিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আশা করি, শিগগিরই সনু তার মা-বাবার কাছে ফিরে যেতে পারবে।’

ভারতীয় দূতাবাস থেকে ১ জুন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে দিল্লি থেকে অপহৃত হয় শিশু সনু। এরপর তাকে পাচার করে বরগুনার বেতাগী উপজেলার গেরামর্দন গ্রামে আনেন হাসি বেগমের বোন রহিমা ও আকলিমা।

আরও পড়ুন: