বজলুর রহমান ছিলেন জনবান্ধব সাংবাদিকতার পথিকৃৎ
ব্যক্তিজীবনে বজলুর রহমান মিতবাক, নম্র, বিনয়ী হলেও অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা এবং সাংবাদিকতায় দায়িত্বশীলতার বিষয়ে ছিলেন আপসহীন। এ দেশে জনবান্ধব সাংবাদিকতার ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে দৈনিক সংবাদ সম্পাদক প্রয়াত বজলুর রহমানের ৭৪তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল বজলুর রহমান ফাউন্ডেশন। আয়োজকেরা জানান, বজলুর রহমানের জন্ম তারিখ ৩ আগস্ট হলেও নানা কারণে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু সংগঠক হিসেবে বজলুর রহমান নিজেকে ঈর্ষণীয় অবস্থানে নিয়ে গিয়েছিলেন উল্লেখ করে সাবেক সাংসদ পান্না কায়সার বলেন, খেলাঘরের সবার প্রিয় ‘ভাইয়া’ হিসেবে বজলুর রহমান চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাংবাদিকতা, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশ-মাটি মানুষের কথা ভেবে নিজেকে সব সময়ই দেশের কল্যাণে নিয়োজিত রাখতেন তিনি।