সাংবাদিক বজলুর রহমান ছিলেন নীতি ও আদর্শের ক্ষেত্রে অবিচল। সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদ, অপসংস্কৃতির বিরুদ্ধে লেখক ও সংগঠক হিসেবে তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। ন্যায় ও সত্যের পথে তাঁর লেখনী ছিল সর্বদা সোচ্চার। সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়। তাঁর মতো আদর্শিক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকের আজ বড়ই অভাব।দৈনিক সংবাদ-এর সাবেক সম্পাদক প্রয়াত বজলুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় শেরপুর সরকারি শিশুসদন (বালিকা) মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।সাংবাদিক বজলুর রহমান ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিক্ষাবিদ মুহসীন আলী। শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান প্রধান অতিথি এবং জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, পৌরসভার মেয়র হুমায়ুন কবীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।আরও বক্তব্য দেন সাবেক পৌর মেয়র গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের নেতা ছানুয়ার হোসেন, আবদুল ওয়াদুদ, আমজাদ হোসেন, প্রকাশ দত্ত, রফিকুল ইসলাম, সামছুন্নাহার কামাল, দেবাশীষ ভট্টাচার্য, বশিরুল ইসলাম প্রমুখ।